ভিসা আবেদনে ভুল তথ্য, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের হামজা

পাকিস্তান ক্রিকেট
হামজা নজর, ফাইল ফটো
হামজা নজর, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভিসা আবেদনপত্রে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটার হামজা নজরকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তার ওপর ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে ভিসার আবেদন করার সময় হামজা নজর প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণভাবে প্রকাশ করেননি। তদন্তে আরও উঠে এসেছে, তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন রেখেছেন।

ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পিসিবি। ওই কমিটি হামজাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় এবং তার বক্তব্য, প্রমাণ ও সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে বোর্ডের কাছে প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়।

সেই প্রতিবেদনের ভিত্তিতে হামজাকে দুই বছরের জন্য দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পিসিবি। পাশাপাশি তার বিরুদ্ধে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ভুল তথ্য দেওয়া, তথ্য গোপন করা কিংবা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার মতো ঘটনাকে বোর্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ ধরনের আচরণ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

বোর্ড আরও জানায়, ‘পিসিবি, পাকিস্তান ক্রিকেট কিংবা এই খেলার কোটি সমর্থকের সুনাম ক্ষুণ্ন করতে পারে এমন কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

আরো পড়ুন: