আধুনিক ক্রিকেট থেকে পাকিস্তান অনেক পিছিয়ে: শাদাব

পাকিস্তান ক্রিকেট
শাদাব খান, ফাইল ফটো
শাদাব খান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আইসিসি শিরোপা জেতেনি পাকিস্তান। বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ব্যর্থতার তালিকা। এই অবস্থার জন্য আধুনিক ক্রিকেটের সঙ্গে খাপ খাওয়াতে না পারাকেই দায়ী করেছেন অলরাউন্ডার শাদাব খান। তার মতে, সমস্যাটা এখন সবাই বুঝতে পারছে এবং সেটি দূর করার চেষ্টাও শুরু হয়েছে।

১৯৯২ সালে নিজেরদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জেতে পাকিস্তান। এরপর ২০০৯ সালে ট-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতেছিল তারা। গত প্রায় এক দশকে ট্রফি খরার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে অন্যান্য দলগুলোর চেয়ে পাকিস্তানের ক্রমশ পিছিয়ে পড়াটা এখন স্পষ্ট। আধুনিক ক্রিকেটের গতির সাথে পাকিস্তানের তাল মিলিয়ে উঠতে না পারার বিষয়টি মেনে নিয়েছেন শাদাবও।

পাকিস্তানের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে শাদাব বলেন, ‘আমার মনে হয় সবার নিজস্ব কিছু কারণ আছে। তবে আমি মনে করি, আধুনিক ক্রিকেট যেভাবে খেলা হচ্ছে, আমরা সেখান থেকে অনেক পিছিয়ে আছি। এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি। প্রথমে আমাদের এটা মেনে নিতে হবে, তারপরই এর সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গত এক থেকে দেড় বছরে অন্তত এটা স্বীকার করা শুরু হয়েছে যে আমরা আধুনিক ক্রিকেটে পিছিয়ে আছি। সেই ঘাটতি দূর করার চেষ্টাও চলছে। ধাপে ধাপে এগোতে হবে। এক লাফে সব করতে গেলে ভুল আরও বেশি হবে।’

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ের পর থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাদা বলের ক্রিকেটে ১২ দেখার মধ্যে ১১টিতেই হেরেছে পাকিস্তান। তবে শাদাব মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচকে অতিরিক্ত গুরুত্ব দেওয়াই অনেক সময় চাপ তৈরি করে।

ভারতের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে শাদাব বলেন, ‘অনেক সময় মনে হয়, ভারতকে হারালেই যেন বিশ্বকাপ জিতে গেছি, আর হারলেই যেন বিশ্বকাপ হেরে গেছি। কিন্তু বাস্তবে এটি অন্য সব ম্যাচের মতোই একটি ম্যাচ।’

এদিকে, টেস্ট দলের নেতৃত্বে পরিবর্তনকে ইতিবাচক হিসেবেও দেখছেন শাদাব। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর শান মাসুদের জায়গায় আবারও অধিনায়ক হয়েছেন বাবর আজম।

এ প্রসঙ্গে শাদাব বলেন, ‘আমার মনে হয় এটি পাকিস্তানের জন্য ভালো একটি পরিবর্তন। বাবর এবং পুরো দলের জন্য শুভকামনা। আশা করি, তারা ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো ফল করবে।’

আরো পড়ুন: