বার্মিংহামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ব্রার আইসিসির আচরণবিধির ২.৯ নম্বর ধারা লঙ্ঘন করেছেন বলে জানানো হয়েছে। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে বল ছোড়ার সঙ্গে সম্পর্কিত।
ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে। ফিল্ডিং করার সময় বল তুলে ব্রার ব্যাটারের দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে ছুড়ে মারেন। এ অপরাধ স্বীকার করে নেওয়ায় এবং ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও মাইক বার্নস, তৃতীয় আম্পায়ার স্যাম নোগাইস্কি এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেন অভিযোগটি দায়ের করেন। এটি গত ২৪ মাসে ব্রারের প্রথম শৃঙ্খলাভঙ্গের ঘটনা। ফলে তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
আইসিসির লেভেল-১ আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতে পারে।
এই ম্যাচে ব্রার দুটি উইকেট শিকার করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ছয় উইকেটের জয় দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।