পর্তুগালের হয়ে খেলতে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ছাড়লেন হেনরিকস

অস্ট্রেলিয়া ক্রিকেট
ময়েজেস হেনরিকস, ফাইল ফটো
ময়েজেস হেনরিকস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার ময়েজেস হেনরিকস সিডনি সিক্সার্স ও নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় দিচ্ছেন না তিনি। জন্মভূমি পর্তুগালের হয়ে সহযোগী সদস্য দেশের ক্রিকেট খেলতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে। বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করায় ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

২০২৫ সালের মার্চে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন হেনরিকস। এরপর গত মৌসুমে নিউ সাউথ ওয়েলসের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেন এবং জানুয়ারিতে সিডনি সিক্সার্সকে নেতৃত্ব দেন বিগ ব্যাশ লিগের (বিবিএল) ফাইনালে। তবে নতুন মৌসুমের জন্য সিক্সার্স তার সঙ্গে চুক্তি নবায়ন না করায় ক্যারিয়ারজুড়ে এক ক্লাবেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। অন্য বিবিএল দলগুলোর আগ্রহ থাকলেও প্রস্তাব গ্রহণ করেননি।

বিবিএলের ১৫টি মৌসুমের প্রতিটিতেই খেলেছেন হেনরিকস। টুর্নামেন্টে তার ম্যাচ সংখ্যা ১৫৪, যা এখনো সর্বোচ্চ। প্রথম ও শেষ দুই মৌসুমেই ফাইনাল খেলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৪২০ ম্যাচ খেলে ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে। এর মধ্যে নিউ সাউথ ওয়েলসের হয়ে ১১০টি প্রথম শ্রেণির, ১১২টি লিস্ট ‘এ’ এবং ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সিডনি সিক্সার্স দলের হয়ে আরও ছয়টি ম্যাচ খেলেছিলেন।

হেনরিকস অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২১ সালে। জাতীয় দলের হয়ে চারটি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে হেনরিকস বলেন, ‘গত ২২ বছর পেশাদার ক্রিকেটার হিসেবে ক্রিকেটকেই পেশা হিসেবে নিতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। বিবিএলের অন্য দলগুলো থেকেও প্রস্তাব ছিল, কিন্তু অন্য কোনো দলের হয়ে খেলাটা আমার কাছে ঠিক মনে হয়নি।’

তিনি আরও বলেন, ‘যাদের সঙ্গে খেলেছি এবং কাজ করেছি, তাদের সবাইকে ধন্যবাদ। এই সম্পর্কগুলো না থাকলে হয়তো আরও আগেই ক্যারিয়ার শেষ করে ফেলতাম। আমার মনে হয়, এবার ক্যারিয়ারের ইতি টানার এবং জীবনের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

সিডনি সিক্সার্সের জেনারেল ম্যানেজার র‍্যাচেল হেইন্স হেনরিকসকে ‘সিডনি সিক্সার্স ও বিবিএল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন’ বলে উল্লেখ করেছেন। তিনি ক্লাবটির সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বিবিএলের সর্বকালের রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের চেয়ারম্যান জন নক্স বলেন, ‘২২ বছরে ৪২০ ম্যাচ খেলে ১৪টি শিরোপা জিতেছেন হেনরিকস। ১৩ হাজারের বেশি রান ও ২০০ উইকেটের এই রেকর্ড সত্যিই অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘তার সবচেয়ে বড় উত্তরাধিকার নেতৃত্ব। ক্যারিয়ারের শুরু থেকেই এই গুণটি তার মধ্যে ছিল এবং প্রায় অর্ধেক ম্যাচেই তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।’

বিবিএলের মহাব্যবস্থাপক অ্যালিস্টার ডবসনও হেনরিকসের অবদানের প্রশংসা করে বলেন, ‘বিবিএলের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার এবং তিনবারের চ্যাম্পিয়ন হিসেবে হেনরিকস ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড় হয়ে অবসর নিচ্ছেন। গত ১৫ মৌসুমে তিনি সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থকদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল।’

আরো পড়ুন: