মাতৃত্বকালীন বিরতির পর ক্রিকেটে ফেরার পথ দেখাল আইসিসি

আইসিসি
বিসমাহ মারুফের সন্তানের সঙ্গে ভারতের নারী ক্রিকেটারদের খুনসুটি, ফাইল ফটো
বিসমাহ মারুফের সন্তানের সঙ্গে ভারতের নারী ক্রিকেটারদের খুনসুটি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাতৃত্বকালীন বিরতির পর নারী ক্রিকেটারদের নিরাপদ ও পরিকল্পিতভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনতে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি প্রকাশিত এই কাঠামো ক্রিকেটার, চিকিৎসক, প্রশিক্ষক ও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের জন্য একটি সহায়ক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

নারী ক্রিকেটে পেশাদারিত্বের বিস্তার ঘটার সঙ্গে সঙ্গে অনেক ক্রিকেটার ক্যারিয়ারের মাঝপথেই পরিবার গঠনের সিদ্ধান্ত নিচ্ছেন। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে। মাতৃত্ব যেন কোনো ক্রিকেটারের খেলোয়াড়ি জীবন থামিয়ে না দেয়, সেটিই নিশ্চিত করতে চায় সংস্থাটি।

নির্দেশিকায় বলা হয়েছে, 'সন্তান জন্মদানের পর একজন ক্রিকেটারকে ধাপে ধাপে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনা প্রয়োজন।'

এ লক্ষ্য সামনে রেখে ছয় ধাপের একটি কাঠামো তৈরি করা হয়েছে, যার মাধ্যমে পুনরুদ্ধার থেকে শুরু করে পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের পথ নির্ধারণ করা হয়েছে। এই ছয় ধাপের মধ্যে রয়েছে প্রস্তুতি, মূল্যায়ন, পুনরুদ্ধার, শারীরিক সক্ষমতা পুনর্গঠন, মাঠে প্রত্যাবর্তন এবং পরবর্তী উন্নয়ন পর্যায়। এর আওতায় স্বাস্থ্য পরীক্ষা, ধীরে ধীরে অনুশীলনে ফেরা, খেলাভিত্তিক সক্ষমতা গড়ে তোলা এবং নিয়মিত পর্যবেক্ষণের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্দেশিকা প্রণয়নে নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়া দলের চিকিৎসক ডা. ফিলিপা ইনজে বলেন, 'সন্তান জন্ম দেওয়া মানেই একজন নারী ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া নয়।'

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আফি ফ্লেচারও। মাতৃত্বের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, 'শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠার চেয়ে সন্তানকে রেখে মাঠে ফেরা বেশি কঠিন ছিল।'

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহের মতে, 'কোনো নারী ক্রিকেটারকে যেন মাতৃত্ব ও দেশের হয়ে খেলার মধ্যে একটি বেছে নিতে না হয়।'

আরো পড়ুন: