আইপিএলের এবারের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতীয় জ্যেষ্ঠ দলে প্রথমবার ডাক পান সূর্যবংশী। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তার অভিষেকের সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত একাদশে সুযোগ মেলেনি। ম্যানেজমেন্ট মূলত বিশ্বকাপজয়ী দলের ওপরই আস্থা রেখেছে।
গাভাস্কারের মতে, 'ও সুযোগ যত দেরিতে পাবে, ততই ওর ওপর চাপ বাড়বে। তবে ১৫ বছর বয়সে চাপ নিয়ে খুব বেশি ভাবার কথা নয়। সুযোগ পেলে শুরু থেকেই ভালো খেলতে হবে, সেটি ও জানে।'
ভারতের কিংবদন্তি এই ব্যাটার মনে করেন, দলে সুযোগ না পেলেও সূর্যবংশীর জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, 'ও দলে থাকতে পেরে খুশি। এই ভারতীয় দলে অসাধারণ সব ক্রিকেটার রয়েছে। তাদের কাছ থেকে শেখার সুযোগ পাওয়াটাই ওর জন্য বড় বিষয়।'
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচে কোনো ফল হয়নি। আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়িয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান তোলে সূর্যবংশীকে ছাড়া খেলতে নামা ভারত।
অভিষেক শর্মা ২৪ বলে ৫৯, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৪৭ বলে ৬৮ এবং শিভম দুবে ২১ বলে ৪২ রান করেন। ইংল্যান্ডের হয়ে সাকিব মাহমুদ তিনটি উইকেট নেন। তবে ভারতের ইনিংস চলাকালীন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ইংল্যান্ডের ব্যাটিং শুরুর আগে বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। শেষ পর্যন্ত একটি বলও খেলা সম্ভব না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।