বাংলাদেশ সফরের প্রথম ওয়ানডেতে কঠিন উইকেটে ৫৮ বলে ৫৯ রান করেন ফক্সক্রফট। পরে বল হাতে ছয় ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি। চট্টগ্রামে শেষ ম্যাচে সাত ছক্কায় ৭২ বলে ৭৫ রানের ইনিংসের পাশাপাশি বল হাতেও নেন একটি উইকেট। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন এই অলরাউন্ডার।
সাউথ আফ্রিকায় জন্ম নেওয়া ফক্সক্রফট দেশটির হয়ে যুব বিশ্বকাপ খেলেছিলেন ২০১৬ সালে। পরে নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। এখন পর্যন্ত চারটি একদিনের ও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে তার রান দুই হাজার ৩০১, রয়েছে দুটি শতক। পাশাপাশি উইকেট নিয়েছেন ৬৩টি।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দলে ফিরেছেন কাইল জেমিসন ও উইল ও’রুর্কি। দুই বছরের বেশি সময় পর টেস্টে ফেরার অপেক্ষায় আছেন জেমিসন। পিঠের চোট কাটিয়ে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ও’রুর্কি।
দলে আছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনও। বর্তমানে তিনি ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আরও ৫৩৯ রান। তবে এই সফরে থাকছেন না জ্যাকব ডাফি। পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় থাকায় দেশে থাকবেন এই ফাস্ট বোলার।
অফ স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেয়ায় দলে নেই। কাঁধের চোটে থাকা মিচেল সান্টনারকেও রাখা হয়নি আপাতত। ব্যাটার হেনরি নিকোলস ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে ফিরেছেন দলে। আগামী ২৭ মে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।
নিউজিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ক্রিস্টিয়ান ক্লার্ক (শুধু আয়ারল্যান্ড টেস্ট), ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, মাইকেল রে (শুধু আয়ারল্যান্ড টেস্ট), রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স (আয়ারল্যান্ড টেস্ট ও ইংল্যান্ড সফরে রিজার্ভ), নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং (শুধ আয়ারল্যান্ড টেস্ট)।