বছর তিনেক পুরোনো খেলার দুই অঙ্গনের দুই মহাতারকার বন্ধুত্ব। দেখা না হলেও দুইজনের মধ্যে নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হবার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন জোকোভিচ নিজেই। পরের নানান সময় কোহলিও জানিয়েছেন টেনিসের কিংবদন্তির সাথে তার সখ্যতার কথা।
লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্রিটিশ গণমাধ্যম টাইমস নাউকে জোকোভিচ বলেন, 'বিরাট আমার বন্ধু ও এমন একজন, যাকে আমি দারুণ সম্মান ও প্রশংসা করি। সত্যি বলতে, তার কারণেই আমি ক্রিকেট অনুসরণ করতে শুরু করি। আগে আমি খোঁজখবর রাখতাম না। তার মাধ্যমেই ক্রিকেটের প্রতি বেশি আগ্রহী হই।'
জোকোভিচের উইম্বলডনের ফাইনাল দেখতে গিয়েছিলেন কোহলি। এবার বন্ধুর দেশ ভারতে এসে কোহলির সাথে সময় কাটাতে চান জোকোভিচও। দীর্ঘদিন ধরেই ভারতীয় সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য ভারতীয়দের কাছে কৃতজ্ঞ এই টেনিস কিংবদন্তি।
জোকোভিচ আরো যোগ করেন, 'নিশ্চয়ই জানেন, আমাদের যোগাযোগ আছে। সবসময়ই আমি ভালোবাসা, সম্মান এবং কৃতজ্ঞতা জানাই বিশ্বজুড়ে ভারতীয় টেনিস ও ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে যে সমর্থন পেয়ে আসছি, তার জন্য। এই সময়ে আমি তাদের অনেকের সঙ্গেই দেখা করেছি। খুব শিগগিরই ভারতে দেখা হবে, কারণ আমাকে সেখানে যেতেই হবে।'
'গত কয়েক বছর ধরে আমার ভেতরে একটা টান অনুভব করছি সেখানে যাওয়ার জন্য। আমি সত্যিই আশা করি, ভারতে এসে কোনো ইভেন্ট আয়োজন করতে পারব, একটা ম্যাচ খেলতে পারব, বা যাই হোক না কেন কিছু করতে পারব। আমি এটা খুব করে চাই, কারণ আমি নিজেকে ভারতীয় মানুষের খুব কাছের মনে করি।'