আইপিএল থেকেই ছিটকে গেলেন আয়ুষ মাত্রে, চেন্নাইয়ের বড় ধাক্কা

আইপিএল
চেন্নাইয়ের অনুশীলনে আয়ুষ মাত্রে
চেন্নাইয়ের অনুশীলনে আয়ুষ মাত্রে
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন আয়ুষ মাত্রে। সেই চোটে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন তরুণ এই ব্যাটার। আয়ুষ যে গুরুতর চোটে পড়েছেন সেটার ইঙ্গিত আগেই দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি।

সেই ম্যাচের ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরেন সাঞ্জু স্যামসন। ডানহাতি উইকেটকিপার ব্যাটার আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন আয়ুষ। পেসার গুরজাপনীত সিংয়ের বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১২ বলে ৩০ রান করেন তিনি। তবে দুই রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোটে পান আয়ুষ।

পরবর্তী হেলমেট খুলে ফেলেন এবং ব্যথায় কাতরাতে দেখা যায়। এমন সময় ফিজিওথেরাপিস্ট টাইফুন সিমসেক এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। বেশ খানিকটা সময় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ব্যাটিংয়ের প্রস্তুতি নেন আয়ুষ। যদিও নীতিশ রানার বলে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় হেনরিখ ক্লাসেনের দুর্দান্ত ক্যাচে ফিরতে হয় ১৩ বলে ৩০ রান করা ব্যাটারকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ বলেছিলেন, ‘হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে। আমি জানি না এটা কতটা বাজে অবস্থায়। আমি নিশ্চিত কাল (১৯ এপ্রিল) বা পরশু আমরা স্ক্যান করাবো। তবে দুর্ভাগ্যক্রমে দেখে মনে হচ্ছে এটা গুরুতর। সে আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি হতে যাচ্ছে। আমাদের জন্য সে দারুণ ছন্দে ছিল।’

আইপিএলের চলতি আসরে চেন্নাইয়ের সেরা ব্যাটার আয়ুষ। হায়দরাবাদের সঙ্গে ৩০ রান করার পাশাপাশি বাকি ম্যাচগুলোতেও রান পেয়েছেন। এখনো পর্যন্ত ১৭৭.৮৭ স্ট্রাইক রেটে ২০১ রান করেছেন তিনি। গত বছর চেন্নাইয়ের হয়ে ২১২.৫০ স্ট্রাইক রেটে ৬৮ রান করেছিলেন উর্ভিল প্যাটেল। আয়ুশ যদি ছিটকে যায় তার জায়গায় উর্ভিলকে খেলাতে পারে চেন্নাই।

আরো পড়ুন: