ঝড়ো ব্যাটিংয়ের বদৌলতে এখনই সুনাম কুড়িয়েছেন জিসান। তবে এখনো জাতীয় দলে সুযোগ পাননি তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে জিসানের আক্রমণাত্বক ব্যাটিংয়ের ঝলক দেখা যায়। এখনো পর্যন্ত ২৭ টি-টোয়েন্টিতে ১৩৮.৯২ স্ট্রাইক রেটে ৫৭১ রান করেছেন। একটি সেঞ্চুরির সঙ্গে দুইটি হাফ সেঞ্চুরিও আছে। বিপিএল দুর্বার রাজশাহীর হয়ে ৯ ম্যাচে ১২৮ রান করেছেন।
প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেয়েছেন জিসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্রও পেয়েছেন ডানহাতি ওপেনার। এর আগে দল পেয়েছেন আরিফুলও। ডানহাতি ব্যাটার খেলবেন কর্নালি ইয়াকসের হয়ে। গত আগষ্টে মালয়েশিয়ার বিপক্ষে ব্যাট হাতে ভালো করতে পারেননি আরিফুল।
যদিও অস্ট্রেলিয়া সফরে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি। বাংলাদেশ হাই পারফরম্যান্সের হয়ে ৭ ম্যাচে ১৩৮.৬০ স্ট্রাইক রেট ও ৩৬.৫০ গড়ে ২১৯ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ঝড়ো ব্যাটিংয়ে দুইটি হাফ সেঞ্চুরিও করেছিলেন। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।
এমন পারফরম্যান্সের পরই এনপিএলে দল পেয়েছেন আরিফুল। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা নেই তার। গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৪ ম্যাচে ৭৬ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ১৭ ম্যাচে ৪২৭ রান করেছেন তিনি।
আরিফুলের দলের হয়ে খেলবেন আকবরও। বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী অধিনায়ককে আগে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে এক হাজার ১৮০ রান করেছেন আকবর। এবারই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ২০২১/২২ মৌসুম থেকে এখনো পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলেছেন আকবর।
এনপিএলে দেখা যাবে সাকিবকেও। পোখারা অ্যাভেঞ্জার্স বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশের তিন ক্রিকেটারের দল পাওয়া নিশ্চিত হয়েছে। গুঞ্জন আছে, আরও দুই-একজন সুযোগ পেতে পারেন। আগামী ১৭ নভেম্বর পর্দা উঠবে এনপিএলের। ফাইনাল হবে ১৩ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।