এর মধ্যেই রিঙ্কু সিংকে কলকাতার অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার সুরেশ রায়না। রিঙ্কু আইপিএলের সর্বশেষ আসরে কলকাতার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ফলে অধিনায়ক হওয়ার দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে আছেন। সম্প্রতি অধিনায়ক হিসেবে ইউপি টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন রিঙ্কু।
এটাই তাকে এগিয়ে রাখছে বলে মনে করেন রায়না। এই টুর্নামেন্টে মিরাট ম্যাভেরিকসকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন রিঙ্কু। কলকাতার এই ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়ে রায়না বলেন, ‘প্রথমেই অধিনায়ক রিঙ্কু সিংকে অভিনন্দন। এটি ইউপি টি-টোয়েন্টি লিগের চতুর্থ মৌসুম, আর তারা চতুর্থবারের মতো ফাইনালে খেলেছে।’
কলকাতার অধিনায়ক খোঁজার প্রসঙ্গে রায়না বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স একজন অধিনায়ক খুঁজছে। তবে আমার মনে হয়, ফ্র্যাঞ্চাইজি শেষ পর্যন্ত তাদের অধিনায়ক পেয়ে গেছে। তাকে একটু বিনিয়োগ করুন, কয়েকটি ম্যাচে দায়িত্ব দিন। এরপর কী হয়, কে জানে!’
ইউপি টি-টোয়েন্টি লিগে অবশ্য ব্যাট হাতে ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেননি রিঙ্কু। পাঁচ নম্বরে নেমে মাত্র দুই বল খেলেই আউট হন তিনি। তবে তার দলের জয়ে সেটি কোনো প্রভাব ফেলেনি। ওপেনার দিব্যানশ যোশির ৪০ বলে ১০৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে মিরাট ২০ ওভারে ৭ উইকেটে ২০৩ রান করে। জবাবে লক্ষ্ণৌ ১৬ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায়।
অধিনায়ক হিসেবে পুরো টুর্নামেন্টেই সফল ছিলেন রিঙ্কু। দলটিকে ১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৯টিতে। শেষ পর্যন্ত তার নেতৃত্বেই শিরোপা জেতে দলটি। কলকাতার সঙ্গে রিঙ্কুর সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। ২০১৮ সালের আইপিএল থেকেই তিনি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আছেন। কলকাতার হয়ে ৭৩ ম্যাচে ব্যাট করে রিঙ্কু করেছেন ১ হাজার ৩৯৪ রান।