৩১ জুলাই পর্যন্ত রিমান্ডে সাকিব-তাসকিনের জাফনার সহ-মালিক

এলপিএল
কলম্বোর একটি আদালতে তোলা হয় মানজোত কারলাকে
কলম্বোর একটি আদালতে তোলা হয় মানজোত কারলাকে
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এক ক্রিকেটারকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাফনা কিংসের সহ-মালিক মানজোত কালরা। গ্রেপ্তারের পর কলম্বোর আদালতে তোলা হয়েছিল তাকে। যেখানে ৩১ জুলাই পর্যন্ত তাকে রিমান্ডে পাঠিয়েছে কলম্বোর আদালত।

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনার সহ-মালিক হিসেবে আছেন মানজোত। টুর্নামেন্ট শুরুর দশদিন আগে শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। প্রস্তাব পাওয়ার পরই শ্রীলঙ্কার পুলিশকে জানান ওই ক্রিকেটার। যার ভিত্তিতে কলম্বোর একটি হোটেল থেকে মানজোতকে গ্রেপ্তার করে কলম্বো পুলিশ।

পরবর্তীতে জাফনার সহ-মালিককে কলম্বোর একটি আদালতে তোলা হয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এলপিএলের ম্যাচগুলোতে ফিক্সিংয়ের জন্য শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপাকশে, দুনিথ ওয়েলালাগে এবং আভিস্কা ফার্নান্দোকে ৩০ হাজার মার্কিন ডলারের বেশি অর্থের প্রস্তাব দিয়েছিলেন মানজোত।

শ্রীলঙ্কার তিন ক্রিকেটার জানিয়েছেন, প্রমাণ হিসেবে তাদের কাছে কথোপকথন ও ভিডিও রয়েছে। এমন প্রমাণের ভিত্তিতেই ৩১ জুলাই পর্যন্ত মানজোতকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। যদিও মানজোতের আইনজীবী এমন অভিযোগ অস্বীকার করেছেন। তদন্ত চলমান থাকায় ৩১ জুলাই পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপ জিতেছিলেন মানজোত। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন তিনি। ম্যাচ খেলার সুযোগ না পেলেও আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের স্কোয়াডে ছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার। এদিকে ২০১৯ সালে বয়সচুরির অভিযোগে রঞ্জি ট্রফিতে এক বছর নিষিদ্ধ ছিলেন তিনি।

মানজোতের জাফনার হয়ে এলপিএলে খেলছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ১২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সাকিব। জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সফরে ব্যস্ত থাকায় এখনো জাফনার সঙ্গে যোগ দেননি তাসকিন। তাদের দুজন ছাড়াও কলম্বো ক্যাপসের হয়ে হাসান মাহমুদ ও গল গ্যালান্টসের হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ এবং নুরুল হাসান সোহান।

আরো পড়ুন: