বার্মিংহামের বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডেতে চোট পেলেও মুস্তাফিজুর রহমান ‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন। ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশনের শিকার হয়েছেন মুস্তাফিজ এবং জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। তবে ফিনিক্সের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তিনি আগামী সপ্তাহে বার্মিংহামে যাবেন।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন মুস্তাফিজ। তবে সেই ম্যাচে ৬ ওভারের বেশি বোলিং করেননি তিনি। দ্বিতীয় ম্যাচে একাদশেই রাখা হয়নি তাকে। পরবর্তীতে বিসিবির পক্ষ থেকে জানানো হয় হ্যামস্ট্রিংয়ের চোট পড়েছেন মুস্তাফিজ। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, আপাতত দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া অংশ নেবে তিনি।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে বাঁহাতি এই পেসার। এমন অবস্থায় পুরো মৌসুমের এনওসি পেলেও দ্য হান্ড্রেডের শুরুর দিকে খেলতে পারবেন না মুস্তাফিজ। বাংলাদেশের পেসার কবে নাগাদ ফিরতে পারবেন সেটা পরখ করে দেখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। যদিও পর্যাপ্ত সময়ের জন্য তাকে না পাওয়া যায় তাহলে বিকল্প চিন্তা করবে বার্মিংহাম।
যদিও ফ্র্যাঞ্চাইজিটির পারফরম্যান্স পরিচালক জেমস থমাসের আশা মুস্তাফিজ তাদের হয়ে খেলতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুস্তাফিজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে যে, পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে আমাদের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তিনি বার্মিংহামে যাবেন। এরপর আমরা নির্ধারণ করতে পারব যে, তিনি এ বছর ‘দা হান্ড্রেড’-এ অংশ নিতে পারবেন কি না।’
‘আমরা আশাবাদী যে, মুস্তাফিজ এ বছর বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতে পারবেন। তবে আমাদের মূল্যায়নের সম্ভাব্য সব ফলাফলের জন্য পরিকল্পনা প্রস্তুত রাখব আমরা। ততদিন পর্যন্ত আমরা মুস্তাফিজের দ্রুত আরোগ্য কামনা করছি এবং চোটের অবস্থা আরও ভালোভাবে মূল্যায়ন ও মাঠে ফেরার জন্য যথাযথ প্রোটোকল পরিকল্পনা করার ক্ষেত্রে আমাদের সমন্বিত প্রচেষ্টা নিশ্চিত করতে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।’