সাব্বিরের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের দুইয়ে দুই

টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ
বিসিবির ফেসবুক পেজ থেকে নেওয়া
বিসিবির ফেসবুক পেজ থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টিগ উইলির অপরাজিত ৭৮ রানের ইনিংসের পরও হোবার্ট হারিকেন্স একাডেমিকে ১৫৩ রানে আটকে দেওয়ার কাজটা করেন মোহাম্মদ রুবেল ও রিপন মণ্ডল। রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশ হাইপারফরম্যান্সের। তবে পুরনো দিনের ঝলক দেখিয়ে হাফ সেঞ্চুরি করেন সাব্বির রহমান। ডানহাতি ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। নেপালের পর হোবার্টকে হারিয়ে টানা দুই জয় পেলেন ইরফান শুক্কুররা।

রানতাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন হাবিবুর রহমান সোহান। স্পিনার রাফ ম্যাকমিলানের অফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলার চেষ্টায় মিড অফে ক্যাচ দিয়েছেন তিনি। এক চারেই শেষ হয়েছে ডানহাতি ওপেনারের ইনিংস। তিনে নেমে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলামও। কেসি বার্টনের ফুলার লেংথ ডেলিভারিতে অন ড্রাইভ ক্যাচ দিয়েছেন মিড অফে।

৪ বলে ৪ রানের বেশি করতে পারেনি আরিফুল। নেপালের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেও হোবার্টের বিপক্ষে ভালো করতে পারেননি জিসান আলম। নিভেথান রাধাকৃষ্ণানের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন। ফিরেছেন ৯ রানে। সুবিধা করে উঠতে পারেননি ইরফান শুক্কুরও। কেলান ম্যালাডের বলে কাট করতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েছেন।

বাংলাদেশের অধিনায়ক ৭ বলে ৪ রান করে আউট হয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকমিলানের বলে তারই হাতে ক্যাচ দিয়েছেন ২৪ বলে ১৬ রান করে। তবে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে টানতে থাকেন সাব্বির। বার্টনের বলে এক রান নিয়ে ৩৬ বলে হাফ সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। যদিও পঞ্চাশের পর বেশিক্ষণ টিকতে পারেননি।

গ্যাব বেলের অফ স্টাম্পের বাইরের বলে জায়গা বানিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন সাব্বির। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় ফিরতে হয়েছে ৬ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে। ১৪ বলে ১৩ রান করে আউট হয়েছেন এসএম মেহেরব। তবে আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন মিলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি হোবার্ট। ইনিংসের প্রথম ওভারেই আবু হায়দার রনির বলে আউট হয়েছে জেইক দোরান্দ। দ্বিতীয় ওভারে মোহাম্মদ রুবেল ফেরান নিভেথান রাধাকৃষ্ণানকে। টানা দুই উইকেট হারানোর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ব্র্যাড হোপ ও উইলি। পাওয়ার প্লে শেষে ২২ রান করা হোপকে ফেরান আব্দুল গাফফার সাকলাইন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি টিম ওয়ার্ড।

১৫ রান করে ফিরেছেন রুবেল বলে। দ্রুতই ফেরেন জ্যাক কার্টেইন ও নীতেশ স্যামুয়েল। শেষের দিকে রাফ ম্যাকমিলানের ব্যাট থেকে এসেছে ১১ রান। তবে একপ্রান্ত আগলে রেখে হোবার্টের রান দেড়শ পার করেছেন উইলি। ৫৩ বলে খেলেছেন অপরাজিত ৭৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৩ রান তোলে হোবার্ট। বাংলাদেশের হয়ে রুবেল তিনটি ও রিপন মণ্ডল দুইটি উইকেট নিয়েছেন।