এবার জানা গেছে যুব দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে হান্নান সরকারকে। আগেই জানা গিয়েছিল যুব দলের মেন্টর হচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তাকে বিসিবির বিভিন্ন ডেভলপমেন্টস দলের সঙ্গে কাজ করবেন বলে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমাদের যারা সাবেক ক্রিকেটার আছেন তাদেরকে কোচিং প্যানেলে যুক্ত করা হবে। সেখানে থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উনি এখন মেন্টর হিসেবে থাকবেন অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে এবং বিভিন্ন ডেভলপমেন্টস স্কাউটসের সাথে মেন্টর হিসেবে কাজ করবেন।'
এদিকে হাই পারফরম্যান্স দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে ইমরুল কায়েসকেও। হাই পারফরম্যান্স দলের পরের সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানেই বসবাস করছেন ইমরুল। নিজের অ্যাকাডেমীও রয়েছে সেখানে। ফলে এই কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত ইমরুল। তাকেও তাই কাজে লাগাতে চায় বিসিবি। তাকে যুক্ত করা হচ্ছে হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে। এই বিষয়টিও নিশ্চিত করেছে বিসিবি।
আসিফ রব্বানি বলেন, 'সামনে আমাদের হাই পারফরম্যান্স দল অস্ট্রেলিয়া সফরে যাবে, সেখানেও তাকে (মাহমুদউল্লাহ) অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে। আমাদের আরেকজন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আছেন ইমরুল কায়েস। যিনি অস্ট্রেলিয়াতে বসবাস করেন। আমাদের পরিকল্পনা আছে উনাকেও যুক্ত করা হাই পারফরম্যান্স দলের সঙ্গে।'
২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এই বিশ্ব আসরকে সামনে রেখে আটঘাট বেধেই মাঠে নামছে বাংলাদেশ। গত আসরে সুপার সিক্স থেকেই বিদায় নিতে হয়েছিল টাইগারদের। নতুন কোচ ও মেন্টরের সমন্বয়ে ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই এগোচ্ছে বিসিবি।