ইউনিস-হাফিজের কোচ হওয়া নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন নাকভি

পাকিস্তান ক্রিকেট
ইউনিস খান ও মোহাম্মদ হাফিজ
ইউনিস খান ও মোহাম্মদ হাফিজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগেই পাকিস্তানের গণমাধ্যমে খবর চাউর হয়েছিল ইউনিস খান ও মোহাম্মদ হাফিজ যুক্ত হচ্ছেন পাকিস্তানের কোচিং প্যানেলে। এই বিষয়টি নজরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির। তিনি জানিয়েছেন এসব খবর বিভ্রান্তিকর।

এসব খবর প্রকাশিত হওয়ার আগে তিনি নিজেও জানতেন না বলে জানিয়েছেন নাকভি। পাশাপাশি জানিয়েছেন পিসিবি সাম্প্রতিক সময়ে এসব বিষয় নিয়ে কোনো করেনি। যদিও হাফিজকে কোচিং স্টাফে যুক্ত করার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বলে নিশ্চিত করেন তিনি।

এ প্রসঙ্গে নাকভি বলেন, ‘কয়েক দিন আগে একটি শিরোনাম ঘুরে বেড়াচ্ছিল যে ইউনিস খানকে টেস্ট দলের প্রধান কোচ বা মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর সঠিক দায়িত্ব যা-ই হোক না কেন, আমি এসব বিষয় চ্যানেলের মাধ্যমেই জানতে পেরেছি।’

হাফিজের বিষয়ে নকভি জানান, পিসিবি বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় লোকবল নিয়ে আলোচনা করছিল। তিনি বলেন, ‘হাফিজের বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করছিলাম যে কোথায় আমাদের শূন্যতা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের লোক প্রয়োজন।’

যদিও হাফিজকে প্রধান কোচ হিসেবে নিয়োগের খবরে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘কিন্তু যখন খবর এল যে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তখন বিষয়টি খুবই অদ্ভুত মনে হয়েছে। অন্যদিকে সরফরাজ একটি দায়িত্বে কাজ করছে এবং একই সময়ে এ ধরনের খবরও ছড়াচ্ছে।’

পিসিবি চেয়ারম্যান জানান, পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য যারা অবদান রাখতে পারবেন, তাঁদের সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করবেন তিনি। এদিকে কদিন আগে পাকিস্তানের গণমাধ্যমকে ইউনিস জানিয়েছিলেন পাকিস্তান চাইলে তিনি যেকোনো ভূমিকায় কাজ করতে রাজি।

আরো পড়ুন: