ঘটনাটি গত বছরের ২৪ আগস্ট স্টাফোর্ডশায়ারের স্টোক-অন-ট্রেন্টের কাছে এ-৫০ সড়কে। নির্ধারিত ৭০ মাইল গতিসীমা অতিক্রম করে ঘণ্টায় ৯৩ মাইল বেগে নিজের ল্যান্ড রোভার ডিফেন্ডার চালাচ্ছিলেন ডাকেট।
স্থানীয় পুলিশের স্পিডগানে ধরা পড়েন তিনি, সময়টা ছিল স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে। সেদিনই একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নামেন এই ইংলিশ ব্যাটার।
পরে অবশ্য নিজের দোষ স্বীকার করে নেন তিনি। ক্যানক ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে বিচারক মিশেল ফস্টার তার ড্রাইভিং লাইসেন্সে চারটি পেনাল্টি পয়েন্ট যোগ করার পাশাপাশি ৭০০ পাউন্ড জরিমানা করেন।
এর সঙ্গে ১২০ পাউন্ড মামলা পরিচালনার খরচ ও ২৮০ পাউন্ড ভিকটিম সারচার্জ দিতে বলা হয়। স্টাফোর্ডশায়ার পুলিশ প্রথমে লিখিত নোটিশ পাঠানোর পর সেপ্টেম্বরে অপরাধ স্বীকার করেন ডাকেট।
অতিরিক্ত গতির বিষয়টি বিবেচনায় নিয়ে মামলাটি পরে আদালতে তোলা হয় এবং ‘সিঙ্গেল জাস্টিস প্রসিডিউর’-এর আওতায় তিনি দোষ স্বীকার করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, মোট জরিমানার অর্থ পরিশোধের প্রক্রিয়া ডাকেটকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।