পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হওয়ার পথে সরফরাজ

পাকিস্তান ক্রিকেট
সরফরাজ আহমেদ, ফাইল ফটো
সরফরাজ আহমেদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তানের ক্রিকেটে বড় ধরণের রদবদলের আঁচ পাওয়া যাচ্ছিলো। যদিও পরিবর্তনের শুরুটা হলো টেস্ট দলকে দিয়ে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে লাল বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মে মাসে বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারের।

গত বছরের অক্টোবরের পর থেকেই পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদ ফাকা পড়ে আছে। মাঝে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ দায়িত্ব পালন করেন। তবে এবার দীর্ঘমেয়াদেই সরফরাজের সাথে কোচ হিসেবে চুক্তি করতে যাচ্ছে পিসিবি, এমনটাই জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

বর্তমানে পাকিস্তান শাহিন্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সরফরাজ। এর আগে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে দলকে এশিয়া কাপ শিরোপা জেতানোর অভিজ্ঞতাও আছে সরফরাজের।

স্বল্প সময়ের কোচিংয়েই দলকে সাফল্য এনে দেয়ায় মাত্র ৩৮ বছর বয়সেই পাকিস্তানের হেড কোচের গুরু দায়িত্ব পেতে যাচ্ছেন পাকিস্তানের সবশেষ আইসিসি ট্রফিজয়ী এই অধিনায়ক।

খেলোয়াড়ি জীবনে আহামরী কোনো অর্জন নেই পাকিস্তানের পরবর্তী টেস্ট কোচের। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ৫৪টি টেস্ট খেলে চারটি সেঞ্চুরি ও ২১টি হাফ সেঞ্চুরিসহ মোট তিন হাজার ৩১ রান করেছেন সরফরাজ।

এ ছাড়াও পাকিস্তানের হয়ে ১১৭টি ওয়ানডে ম্যাচে খেলে দুটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিসহ দুই হাজার ৩১৫ রান সংগ্রহ করেন। সাথে ৬১টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ খেলে আছে তিনটি অর্ধশতকসহ মোট ৮১৮ রান। সব ঠিক থাকলে আগামী ৮ই মে বাংলাদেশের মাটিতেই শুরু হতে যাচ্ছে সরফরাজ যুগের পাকিস্তানের সাদা পোষাকের পথচলা।

আরো পড়ুন: