খেলোয়াড়ি জীবনে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সফল সময় কাটিয়েছেন মরকেল। পরে কোচিংয়েও যুক্ত হন সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এসএ২০-এর উদ্বোধনী আসর থেকেই জোবার্গ সুপার কিংসের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই এবার তাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলো।
সুপার কিংসের মালিক রূপা গুরুনাথ বলেন, ‘অ্যালবি মরকেল গত কয়েক বছরে আমাদের কোচিং দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সুপার কিংসের সংস্কৃতি তিনি খুব ভালোভাবে বোঝেন। খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে তার দারুণ সম্পর্ক রয়েছে। খেলোয়াড়দের উন্নয়নেও তিনি নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নতুন দায়িত্বে তাকে দেখতে আমরা রোমাঞ্চিত।’
জোবার্গ সুপার কিংসের পরিচালক কে এস বিশ্বনাথন বলেন, ‘খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই অ্যালবি সুপার কিংসের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাউথ আফ্রিকার ক্রিকেট সম্পর্কে তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুণ আমাদের সামনে এগিয়ে যেতে আত্মবিশ্বাস দিচ্ছে।’
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মরকেলও। তিনি বলেন, ‘জোবার্গ সুপার কিংসের প্রধান কোচ হওয়া আমার জন্য বিশাল সম্মানের। একজন খেলোয়াড় হিসেবে সুপার কিংসের জার্সি পরা থেকে শুরু করে এখন এই ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হওয়া পুরো যাত্রাটা আমার জন্য খুবই বিশেষ। আমরা যে ভিত্তি তৈরি করেছি, সেটার ওপর দাঁড়িয়ে দলকে আরও এগিয়ে নিতে এবং তাদের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগাতে আমি মুখিয়ে আছি।’
গত মৌসুমে এসএ২০-এর লিগ পর্বে চতুর্থ হয়েছিল জোবার্গ সুপার কিংস। তবে এলিমিনেটরে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় দলটি। নতুন মৌসুমে মরকেলের নেতৃত্বে আরও ভালো করার প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির।