সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে জায়গা হয়নি ২৬ বছর বয়সী এই বাঁহাতি পেসারের। টেস্টে ধারাবাহিকভাবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়। একই সময়ে এলপিএলের সূচির সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
চলতি মাসের শুরুতে পাকিস্তানের নির্বাচক ও হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ ইঙ্গিত দিয়েছিলেন, আফ্রিদি এখন সাদা বলের ক্রিকেটেই বেশি মনোযোগী। আকিব বলেছিলেন, ‘একজন খেলোয়াড়কে ঠিক করতে হবে, সে কোন সংস্করণে খেলতে চায়।’
সম্প্রতি জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চলমান সাদা বলের অনুশীলন ক্যাম্পে জায়গা পান আফ্রিদি। একই সময়ে লাল বলের ক্যাম্পও চললেও সেখানে ছিলেন না তিনি। এছাড়া সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একাদশে তাকে রাখা হয়নি।
গত বছর পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল শাহিনকে। তার নেতৃত্বে গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে পাকিস্তান। সেই সিরিজে সাত উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। সমান সাত উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাসও, যিনি ওই সিরিজেই আন্তর্জাতিক অভিষেক করেন। অস্ট্রেলিয়ার নাথান এলিসও একই সংখ্যক উইকেট পেয়েছিলেন।
গত এক বছরে এটি হবে বিদেশের কোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে আফ্রিদির দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে সর্বশেষ বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্রিসবেন হিটের হয়ে খেলেছিলেন তিনি। তবে সেই আসরটি তার জন্য সুখকর ছিল না। চার ম্যাচে মাত্র দুটি উইকেট নিয়েছিলেন, গড় ছিল ৭৬.৫০।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও বেশ চাহিদা আছে পেসার আফ্রিদির। এই সংস্করণে এখন পর্যন্ত ৩৬২ উইকেট নিয়েছেন তিনি, গড় ২০.৯৯ এবং ইকোনমি রেট ৭.৯৭। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬ উইকেট নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। সেখানে তার বোলিং গড় ২১.৩৫ এবং ইকোনমি ৭.৮৩।
আগামী ১৭ জুলাই শুরু হবে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। ক্যান্ডি রয়্যালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জুলাই, প্রতিপক্ষ ডাম্বুলা সিক্সার্স।