সূর্যবংশীকে দ্রুত ‘ভুলে যেতে’ মানা করছেন পোলার্ড

আইপিএল
কাইরন পোলার্ড ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
কাইরন পোলার্ড ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
খুব অল্প বয়সেই বড় মঞ্চে নিজের উপস্থিতি জানান ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে ভারতের ঘরোয়া প্রতিযোগিতার অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন তিনি। চলতি আসরে রাজস্থান দলের হয়ে ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নজর কাড়ছেন এই তরুণ।

এই আসরে এখন পর্যন্ত তার ইনিংসগুলো যথাক্রমে ৫২, ৩১, ৩৯ ও ৭৮ রান। বিশেষ করে মাত্র ১৫ বলে দুটি অর্ধশতক করে তিনি ব্যতিক্রমী এক রেকর্ড গড়েছেন। জসপ্রীত বুমরাহ এবং জস হ্যাজেলউডের মতো বিশ্ব শাসন করা শীর্ষ পর্যায়ের বোলারদের বিপক্ষেও তাকে নির্ভার ও আত্মবিশ্বাসী দেখা গেছে, যা তার প্রতিভার স্পষ্ট প্রমাণ।

মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং কোচ কাইরন পোলার্ড এ বিষয়ে সতর্ক করে বলেন, '১৫ বছর বয়সে আমি স্কুলে পড়তাম এবং ক্লাব ক্রিকেট খেলতাম, তখনো নিজের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত ছিলাম না। কিন্তু এত অল্প বয়সে কাউকে এভাবে আলো ছড়াতে দেখা সত্যিই দারুণ।'

তিনি আরও বলেন, 'আমরা যেন হঠাৎ করে তাকে নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে না যাই। যদি কয়েকটি ম্যাচে সে ব্যর্থ হয় বা বোলাররা তাকে বুঝে ফেলে, তাহলে যেন তাকে দ্রুত অবহেলা না করি। একজন ক্রিকেটার হিসেবে এটিই আমার সবচেয়ে বড় উদ্বেগ- আমরা দ্রুত প্রশংসা করি, আবার দ্রুত ভুলেও যাই।'

চার ম্যাচে এখন পর্যন্ত সূর্যবংশীর মোট সংগ্রহ ২০০ রান, গড় ৫০ এবং তার স্ট্রাইক রেট ২৬৬-এর বেশি। সর্বশেষ ম্যাচে মাত্র ২৬ বলে ৭৮ রান করে তিনি আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, যেখানে ছিল আটটি চার ও সাতটি ছক্কা।

সাবেক ভারতীয় উইকেটরক্ষক সাবা করিম তার এই ইনিংসকে অভূতপূর্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 'মনে হচ্ছে বৈভব সূর্যবংশী যুগের শুরু হয়ে গেছে। তার ব্যাটিং দেখা সত্যিই উপভোগ্য। প্রতিভার সঙ্গে আত্মবিশ্বাসী শট খেলা এবং পরিণত মানসিকতার সমন্বয় তার মধ্যে স্পষ্ট।'

তিনি আরও যোগ করেন, 'গতির বোলিং কিংবা মানসম্মত স্পিন- সবকিছুর বিপক্ষেই তাকে স্বচ্ছন্দ দেখা গেছে। শুরুতে আক্রমণাত্মক খেলার পর ধীরে ধীরে ইনিংস গড়ার দিকেও মনোযোগ দিতে দেখা গেছে তাকে। যদিও শতক পূরণ হয়নি, তবে তার মানসিকতার দৃঢ়তা এতে স্পষ্ট।'

আরো পড়ুন: