আইপিএলে অংশ নিতে নয়, শিরোপা জিততে এসেছি: নেহরা

আইপিএল
আশিষ নেহরা, ফাইল ফটো
আশিষ নেহরা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করেছে গুজরাট টাইটান্স। দলটির প্রধান কোচ আশিষ নেহরা জানিয়েছেন, দল আগের মতোই নিজেদের খেলায় বিশ্বাস রেখে এগোতে চায়, শিরোপার দিকেই নজর রাখছে তারা।

‘শুভারম্ভ ২০২৬’ নামক গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির একটি অনুষ্ঠানে পুরো স্কোয়াড, মালিকপক্ষ ও সমর্থকদের সামনে কথা বলতে গিয়ে নেহরা খেলোয়াড়দের ওপর আস্থার কথা তুলে ধরেন।

নেহরা বলেন, 'আমি মনে করি না এই মৌসুমে আলাদা করে কিছু ভাবার প্রয়োজন আছে। আসলে আমাকে ভাবতে হয় না, খেলোয়াড়দেরই ভাবতে হয়। তারাই মাঠে খেলবে, আমি তো বাইরে বসে থাকি।'

দলের মানসিকতা নিয়েও স্পষ্ট বার্তা দেন ভারতের সাবেক এই পেসার, 'শুরু থেকেই আমাদের মানসিকতা পরিষ্কার, আমরা অংশ নিতে আসিনি, আমরা প্রতিযোগিতা করতে এবং জিততে এসেছি। নতুন দল হিসেবে সময় লাগবে। এমন ভাবনা কখনোই ছিল না।'

২০২২ সালে আইপিএলে যোগ দেওয়ার পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছে গুজরাট। নিজেদের অভিষেক মৌসুমেই শিরোপা জয়ের পাশাপাশি প্রথম চার মৌসুমের তিনটিতেই প্লে-অফে জায়গা করে নেয় দলটি।

দলের ধারাবাহিকতা প্রসঙ্গে নেহরা বলেন, 'আমাদের এমন একজন অধিনায়ক আছে, যিনি প্রথম দিন থেকেই দলের সঙ্গে আছেন এবং পুরো যাত্রাটা দেখেছেন। তাই এই মৌসুমে ভিন্ন কিছু করার পরিকল্পনা আমাদের নেই।'

নতুন মৌসুমে গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। ৩১ মার্চ মুলানপুরে হবে ম্যাচটি। এরপর ৪ এপ্রিল আহমেদাবাদে নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে।

আরো পড়ুন: