মুশফিক ভাই আরও কিছুদিন খেলতে পারতেন: মিরাজ

বাংলাদেশ ক্রিকেট
মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ
মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৫ সালের ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এর আগেই তিনি টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়িয়েছিলেন। এর ফলে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারকে এখন শুধু দেখা যায় টেস্ট ক্রিকেটে।

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে এই বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই গুঞ্জন ছিল মুশফিককে ওয়ানডে দলে ফেরানোর। গণমাধ্যমের বরাতে শোনা গিয়েছিল মিরাজ তাকে ওয়ানডে দলে ফেরাতে তোড়জোড় শুরু করেছেন।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরাজ জানিয়েয়েছেন মুশফিকের অবসরের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তবে তার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তবে মুশফিকের যে ফিটনেস তিনি এখনও খেলে যেতে পারতেন বলে বিশ্বাস মিরাজের।

তিনি বলেন, 'অবশ্যই এই দুইজন (সাকিব-মুশফিক) অনেক কিংবদন্তী খেলোয়াড় এবং আমি একসাথে অনেকদিন খেলেছি তাদের, দুজনকেই পেয়েছি। আর যেহেতু এখনো তারা দুজনেই খেলছেন। মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা, অবশ্যই এরকম একজন খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের জন্য অনেক সহজ হয়ে যায়।'

মুশফিকের ফিটনেসের প্রশংসা করে আক্ষেপ নিয়েই মিরাজ বলেছেন, 'যেহেতু তিনি অবসরে গিয়েছেন এবং আমার কাছে মনে হয় ফিটনেস অনুযায়ী যদি দেখেন তিনি অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন। কিন্তু যেহেতু তিনি অবসরে গিয়েছেন, অবশ্যই তার এই অবসরকে আমি সম্মান করি।'

মিরাজ মনে করেন মুশফিককে ফেরাতে তার একার মতামত খুব একটা গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কী ভাবছে সেটাও গুরুত্বপূর্ণ। যদি দলের প্রয়োজন হয় তবে আলোচনা করেই সিদ্ধান্তে আসতে হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

তিনি যোগ করেন, 'আমি যখন প্রথমে অধিনায়ক হয়েছিলাম তখন আমি কথা বলেছিলাম। যেহেতু তিনি (মুশফিক) টেস্ট ক্রিকেট খেলছেন। আর অবসর নিয়েছেন এটা তো শুধু অধিনায়ক হিসেবে আমার একার সিদ্ধান্ত না, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আছে, সবার একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। এটা সবার আলোচনার মাধ্যমে একটা জিনিস ছিল।'

আরো পড়ুন: