আড়াই বছর পর বাবরের সেঞ্চুরি, সিরিজ পাকিস্তানের
ড্রেসিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সতীর্থরা দেখছিলেন বাবর আজমের অপেক্ষা। অবশেষে ৯৯ থেকে প্রামোদ মাদুশানের বল লেগ সাইডে পুল করে এক রান নিতেই পূর্ণ হলো তার সেঞ্চুরি। হাসিমুখে হাঁটু গেড়ে বসে সিজদাহ দিলেন তিনি। প্রায় আড়াই বছরের অপেক্ষা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে আবার শতকের দেখা পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তার এই সেঞ্চুরির দিনে বড় জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও নিশ্চিত করেছে পাকিস্তান।