বিপিএল ২০২৬ • সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
ঢাকার হয়ে প্রথম ম্যাচ খেলা হচ্ছে না তাসকিনের
অসুস্থতার কারণে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচ খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।
টস জিতে বোলিংয়ে ঢাকা
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
রাজশাহী ওয়ারিয়র্স— সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব হোসেন অহিন, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো এবং সন্দীপ লামিচানে।
ঢাকা ক্যাপিটালস— সাইফ হাসান, সাব্বির রহমান, উসমান খান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সালমান মির্জা এবং জিয়াউর রহমান শরীফি।
প্রথম বলেই উইকেট পেল ঢাকা
সাহিবজাদা ফারহানের বিপক্ষে ইনিংসের প্রথম বলটা ডাউন দ্য লেগে করেছিলেন ইমাদ ওয়াসিম। রাজশাহীর ওপেনারের ব্যাট না ছোঁয়ায় বলটি ওয়াইড হয়। তবে বলটি খেলার জন্য পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সাহিবজাদা। দ্রুততার সঙ্গে স্টাম্প ভেঙে দেন মোহাম্মদ মিঠুন। ফলে রানের খাতা খোলার আগেই স্টাম্পিং হয়ে ফিরতে হয় সাহিবজাদাকে।
তানজিদকে ফিরিয়ে লড়াইয়ে জিতলেন নাসির
সাহিবজাদা ফেরার পর তিন নম্বরে ব্যাটিং করতে নামেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আগে থেকেই উইকেটে ছিলেন আরেক বাঁহাতি তানজিদ হাসান তামিম। দুজন বাঁহাতি ব্যাটার উইকেটে থাকায় অফ স্পিনার নাসির হোসেনকে বোলিংয়ে আনেন মোহাম্মদ মিঠুন। যদিও প্রথম ওভারে সুবিধা করতে পারেননি নাসির।
নিজের প্রথম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৬ রান খরচা করছেন ডানহাতি এই অফ স্পিনার। দ্বিতীয় ওভারের শুরুটাও ভালো হয়নি তাঁর। প্রথম চার বলেই দুই চার মারেন তানজিদ। তবে পঞ্চম বলে বাঁহাতি ওপেনারকে ফেরান নাসির। ডানহাতি অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে এক্সট্রা কভারে উসমান খানের হাতে ক্যাচ দিয়েছেন ১৫ বলে ২০ রান করা তানজিদ।
ব্যর্থ ইয়াসির, ইমাদের আরেকটি উইকেট
তানজিদ ফেরায় শান্তর সঙ্গে জুটি গড়ার বিকল্প ছিল ইয়াসির আলী রাব্বির কাছে। তবে রাজশাহীর প্রয়োজনে সেটা করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ইমাদ ওয়াসিমের বলে পুল করতে গিয়ে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন ১৫ বলে ১৩ রান করা ইয়াসির।
একশর আগেই ৫ উইকেট নেই রাজশাহীর
বিপিএলের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও ভালো শুরু পেয়েছিলেন তিনি। তবে ইমাদ ওয়াসিমের বিপক্ষে সুবিধা করতে পারছিলেন না রাজশাহীর অধিনায়ক। চাপ কমাতে বাঁহাতি স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারতে চেয়েছিলেন শান্ত। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় লং অনে উসমান খানের হাতে ক্যাচ দিয়েছেন ২৮ বলে ৩৭ রানের ইনিংস খেলে।
দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইমাদ। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মেহেরব হোসেন অহিনও। জিয়াউর রহমানের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে এজ উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি মেহেরব। একশর আগেই ৫ উইকেট হারিয়ে বিপাকে রাজশাহী।
রাজশাহীকে দেড়শও করতে দিল না ঢাকা
টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে হারায় তারা। শুরুর ধাক্কা সামলে উঠে জুটি গড়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম ও শান্ত। অফ স্পিনার নাসিরকে পেয়েই আক্রমণাত্বক হয়ে ওঠার চেষ্টা করেন তানজিদ। যদিও নিজের দ্বিতীয় ওভারে বাঁহাতি ওপেনারকে ফেরান নাসির। ডানহাতি অফ স্পিনারের বলে এক্সট্রা কভারে তানজিদ ক্যাচ দিয়েছেন ১৫ বলে ২০ রান করে।
ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। রাজশাহীর যখন প্রয়োজন তখন ১৫ বলে ১৩ রান করে ইমাদের বলে পুল করতে গিয়ে শামীমের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ভালো শুরু পেলেও ইমাদকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারতে গিয়ে নিজের উইকেট নিয়েছেন শান্ত। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা রাজশাহীর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩৭ রান। দুইটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি।
সুযোগ পেলেও ব্যাটিংয়ে সেটা কাজে লাগাতে পারেননি মেহেরব। পেসার জিয়াউর রহমানের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ভালো শুরু পেলেও ২৩ বলে ২৪ রানের বেশি করতে পারেননি মুশফিকুর রহিম। শেষের দিকে নাওয়াজের ২৬ বলে ২৬ রানের ইনিংসে ১৩২ রানের পুঁজি পায় রাজশাহী। ঢাকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন স্পিনার ইমাদ। নাসির পেয়েছেন দুইটি উইকেট।
ঢাকা-রাজশাহীর ম্যাচের মধ্যে জাকির স্মরণে নিরবতা পালন
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। তার স্মরণে ঢাকা ক্যপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচের মাঝে এক মিনিটের নিরবতা পালন করা হয়েছে।
সাইফের স্টাম্প উড়িয়ে দিলেন তানজিম
উসমান খানের সঙ্গে এদিন ঢাকার ইনিংস শুরু করেন সাইফ হাসান। তবে সাইফ বেশিক্ষণ থিতু হতে পারেননি। তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে ফিরেছেন ঢাকার এই ব্যাটার। তানজিমের বল সোজা আঘাত হানে সাইফের অফ স্টাম্প বরাবর। এই ওপেনার ৪ বলে মাত্র ১ রান করে আউট হয়েছেন। ফলে ঢাকা ৫ রানেই নিজেদের প্রথম উইকেট হারায়।
নাওয়াজ ফেরালেন উসমানকে
সাইফ ফিরে গেলেও আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে বেশ ভালোই এগোচ্ছিলেন উসমান খান। তবে তাকে টিকতে দেননি মোহাম্মদ নাওয়াজ। এই স্পিনারের বলে এক্সট্রা কাভারে সহজ ক্যাচ নিয়েছেন এসএম মেহরব হোসেন। পাওয়ার প্লে শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৬ ওভারে ২ উইকেটে ৪৩ রান। উসমানের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৮ রান।
ফিরলেন মিঠুনও
১২ রান করা ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে সীমানায় হোসাইন তালাতের ক্যাচ বানিয়েছেন সন্দীপ লামিচানে। মিঠুন উড়িয়ে মেরেছিলেন ডিপ দিয়ে। তবে সীমানা ছাড়া করতে পারেননি। বল চলে যায় ফিল্ডারের হাতে। ফলে ফিরতে হয় ঢাকার অধিনায়ককে।
মামুনকে হাফ সেঞ্চুরি করতে দিলেন না নাওয়াজ
একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন মামুন। ধীরে ধীরে এগোচ্ছিলেন হাফ সেঞ্চুরির দিকে। তভে তাকে হাফ সেঞ্চুরি করতে দিলেন না নাওয়াজ। সীমানায় দারুণ ক্যাচ নিয়েছেন শাহিবজাদা ফারহান। ফলে ৮৫ রানে নিজেদের চতুর্থ উইকেট হারায় ঢাকা। আর মামুনের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৪৫ রান।
ছক্কা মারার পরের বলেই আউট নাসির
ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না নাসির হোসেন। বড় শট খেলার চেষ্টা করলেও ব্যাটে-বলে টাইমিং হচ্ছিল না ডানহাতি ব্যাটারের। মোহাম্মদ নাওয়াজের বলে ছক্কা মেরে অবশ্য হাতখুলে খেলার ইঙ্গিত দেন নাসির। যদিও পরের বলেই ফিরতে হয়েছে তাকে। নাওয়াজের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় লং অফে সাহিবজাদার হাতে ক্যাচ দিয়েছেন ২২ বলে ১৯ রান নরা নাসির।
জয়ে বিপিএল শুরু ঢাকার
ইমাদ ওয়াসিমের মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে ঢাকা ক্যাপিটালসকে নিয়মিত বিরতিতে উইকেট এনে দিয়েছেন নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সালমান মির্জারা। আগের ম্যাচের জয়ের দুই নায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি। শেষের দিকে মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ১৩২ রানের পুঁজি পায় রাজশাহী। সহজ লক্ষ্য তাড়ায় সহজে জিততে পারেনি ঢাকাও। আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে নাসির, শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমানদের ব্যাটে জয় পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে জয়ে বিপিএল শুরু হলো ঢাকার।
সদ্য প্রয়াত কোচকে জয় উৎসর্গ ঢাকার
ম্যাচ শুরুর আগেই ঢাকা ক্যাপিটালস দুঃসংবাদ পায়। দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠেই অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ। তার মৃত্যুর পর রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচের জয় সদ্য প্রয়াত এই কোচকে উৎসর্গ করেছে ঢাকা।
ম্যাচ
- সিরিজ
- বিপিএল ২০২৬
- ভেন্যু
- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
-
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি