এমন সময়ই তার পাশে দাঁড়িয়েছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। লক্ষৌ সুপার জায়ান্টসে খেলার সুবাদে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল সাবেক এই কোচের সঙ্গে। গম্ভীরের সঙ্গে তার ২০-২৫ মিনিটের কথোপকথন নতুন করে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস দিয়েছিল বলে জানিয়েছেন আফগানিস্তানের এই পেসার।
সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে আলাপকালে নাভিন বলেন, ‘ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর আমি মাঠে একা বসে ছিলাম। গম্ভীর স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন, কী হয়েছে, কেন খেলিনি। তখন তার সঙ্গে চোট নিয়ে কথা বলি। সত্যি বলতে, তার সঙ্গে ২০ থেকে ২৫ মিনিটের কথোপকথন আমাকে অনেক সাহায্য করেছে।'
তিনি আরও যোগ করেন, 'ওই সময় আমার মানসিক অবস্থা কেমন ছিল, সেটা তাকে খুলে বলেছিলাম। নয় মাস পর ফিরতে গিয়ে আবার চোটে পড়ায় বিষয়টি আমাকে কীভাবে প্রভাবিত করছিল, সেটাও জানিয়েছিলাম। ওই আলোচনা আমাকে নিজের সমস্যা নিয়ে পড়ে না থেকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে।’
গম্ভীরের সঙ্গে এই কথোপকথনই নাভিনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। চোটের কারণে হতাশ থাকলেও এই কোচের কথায় আবারও ঘুরে দাঁড়ানোর সংকল্প করেন আফগানিস্তানের এই পেসার। যদিও আলোচনার শুরুটা হয়েছিল ক্রিকেট দিয়ে। এরপর ইনজুরির কথা জানতে পেরে তাকে সাহস দিয়েছিলেন ভারতীয় কোচ।
তিনি যোগ করেন, ‘কথোপকথনটা ছিল ক্রিকেট নিয়ে। পাশাপাশি আমি যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, সেটাও উঠে এসেছিল। তার সঙ্গে কথা বলার সময় শুরুতে আমি কিছুটা হতাশ ছিলাম। ওই আলোচনা আমাকে আবার নতুন করে নিজেকে গড়ে তোলার এবং ফিরে আসার বিষয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে।’
গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছিলেন নাভিন। কাঁধের চোটের কারণে এর আগে দুই বছর কোনো ম্যাচই খেলতে পারেননি তিনি। এর ফলে আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। এরপর ভারত সিরিজের আগে আবারও চোট পেলে নিজেই সরে দাঁড়িয়েছিলেন ঝুঁকির কারণে।
সেই সময়ের কথা স্মরণ করে নাভিন বলেন, ‘এটা ছিল ভীষণ কষ্টের। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসের ঠিক ২০ মিনিট আগে পুরোনো চোটটা আবার ফিরে আসে। যখন আপনি নয় মাস ধরে ফিটনেস নিয়ে কাজ করছেন, কাঁধের পুনর্বাসন করছেন, নিজেকে নতুন করে গড়ে তুলছেন, এরপর প্রায় দুই বছর পর আফগানিস্তানের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামার মাত্র কয়েক মিনিট আগে আবার চোট পান, তখন সেটা মেনে নেওয়া কঠিন। এত ধৈর্য ধরেন, এত পরিশ্রম করেন, পুনর্বাসন আর একাকিত্বের মতো কঠিন সময় পার করেন, এরপর টসের ২০ মিনিট আগে আবার ধাক্কা খেতে হয়।’