জোড়া ছক্কায় ইনিংস শুরু করেও সাকিবের হতাশার ফাইনাল

মাইনর লিগ ক্রিকেট
সাকিব আল হাসান, ফাইল ফটো
সাকিব আল হাসান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ব্যাট হাতে নেমেই জোড়া ছক্কা হাঁকিয়ে দারুণ শুরু করেছিলেন সাকিব আল হাসান। তবে সেই ঝলক বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যাটে-বলে প্রত্যাশা পূরণ করতে না পারায় আটলান্টা ওপেন টি-টোয়েন্টির ফাইনালে শিরোপা জেতা হলো না তার দল আটলান্টা ফায়ারের। প্রাইম গ্ল্যাডিয়েটর্সের কাছে ২৪ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সাকিবদের।

ফাইনালে আগে ব্যাট করতে নেমে ম্যাথু ট্রম্পটের বিধ্বংসী শতকে বড় সংগ্রহ গড়ে প্রাইম গ্ল্যাডিয়েটর্স। নির্ধারিত ২০ ওভারে দলটি তোলে ২০৭ রান। ফলে শিরোপা জিততে আটলান্টা ফায়ারের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৮ রান।

বল হাতে দিনটা ভালো কাটেনি সাকিবের। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে একটি ছক্কা ও দুটি চারসহ ১৬ রান দেন তিনি। পরের ওভারে অবশ্য নিয়ন্ত্রিত বোলিং করে খরচ করেন মাত্র ৫ রান। তবে উইকেটের দেখা পাননি এই বাঁহাতি অলরাউন্ডার।

এরপর ১৪তম ওভারে একটি ছক্কাসহ ৯ রান দেন সাকিব। তার সবচেয়ে খরুচে ওভারটি আসে ১৭তম ওভারে। ওই ওভারে দুটি ছক্কা হজম করে দেন ১৭ রান। সব মিলিয়ে ৪ ওভারে ৪৭ রান খরচ করেও কোনো উইকেট পাননি বাংলাদেশের এই তারকা।

জবাব দিতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু করেন সাকিব। পরপর দুটি ছক্কা হাঁকিয়ে বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। কিন্তু সেই শুরু ধরে রাখতে পারেননি। ম্যাথু ট্রম্পটের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ১০ বলে দুটি ছক্কায় ১৫ রান করেন সাকিব।

সাকিবের বিদায়ের পরও জয়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ ছিল আটলান্টা ফায়ারের সামনে। তবে দলের অন্য ব্যাটাররাও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ফলে নির্ধারিত ওভারের আগেই জয়ের পথ কঠিন হয়ে পড়ে তাদের।

শেষ পর্যন্ত ১৮৩ রানে থামে আটলান্টা ফায়ারের ইনিংস। তাতে ২৪ রানের জয় নিয়ে আটলান্টা ওপেন টি-টোয়েন্টির শিরোপা ঘরে তোলে প্রাইম গ্ল্যাডিয়েটর্স। ফাইনালে ব্যাটে-বলে ব্যর্থ সাকিবকে তাই রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হলো।

আরো পড়ুন: