শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, দুই ম্যাচেই নির্দিষ্ট প্রবেশপথ দিয়ে কোনো টিকিট ছাড়াই মাঠে ঢুকতে পারবেন দর্শকেরা। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর প্রবেশপথ এবং কলম্বোর তিন, চার, পাঁচ ও সাত নম্বর প্রবেশপথ থাকবে সবার জন্য উন্মুক্ত।
শ্রীলঙ্কা ক্রিকেট বলেছে, 'শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার আসন্ন সিরিজে দর্শকদের জন্য বিনামূল্যে মাঠে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা সরাসরি মাঠে বসে আন্তর্জাতিক মানের ক্রিকেট দেখার সুযোগ পাবেন।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'দেশের সব ক্রিকেট অনুরাগী, উদীয়মান তরুণ ক্রিকেটার, পরিবার ও ক্রীড়াপ্রেমীদের এই সুযোগ কাজে লাগিয়ে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ক্রিকেট উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।'
শ্রীলঙ্কায় বিনামূল্যে দর্শক প্রবেশের ব্যবস্থা অবশ্য নতুন নয়। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান কিংবা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজগুলোতেও অনেক সময় দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়।
তবে ভারতের মতো বড় দলের বিপক্ষে সিরিজেও আগেভাগে এই সিদ্ধান্ত নেয়ার পেছনে সাম্প্রতিক দর্শক উপস্থিতির বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শ্রীলঙ্কার এলপিএলের শুরুতে দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হলে মাঠে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় পরে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয়া হয়।
সেই অভিজ্ঞতার পর এবার ভারতের বিপক্ষে সিরিজেও দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখছে এসএলসি। গল ও কলম্বোতে দর্শকদের উপস্থিতি বাড়িয়ে মাঠের পরিবেশ প্রাণবন্ত করার পাশাপাশি দেশের ক্রিকেটপ্রেমীদের বড় এই সিরিজ সরাসরি দেখার সুযোগ করে দেয়াই তাদের লক্ষ্য।