নেতৃত্ব ছাড়লেন এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়কের নাম ঘোষণা

নেদারল্যান্ডস ক্রিকেট
স্কট এডওয়ার্ডস, ফাইল ফটো
স্কট এডওয়ার্ডস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নেদারল্যান্ডসের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন স্কট এডওয়ার্ডস। ২০২২ সালের জুনে দায়িত্ব নেয়ার পর গত শুক্রবার (৩১ জুলাই) বিশ্বকাপ লিগ-দুইয়ের পর্ব শেষেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। দলের নতুন অধিনায়ক হয়েছেন বাস ডি লিডে। চলমান বিশ্বকাপ লিগ-দুইয়ের বাকি ম্যাচগুলো থেকেই নেতৃত্ব দেবেন তিনি।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে এডওয়ার্ডস জানান, বিষয়টি নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই প্রধান কোচ রায়ান কুকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছিলেন। সবকিছু বিবেচনা করেই এখন সরে দাঁড়ানোর সময় এসেছে বলে মনে করেছেন তিনি।

এডওয়ার্ডস বলেন, 'আমার মনে হয়, একজন ক্রিকেটার হিসেবে দলকে দেয়ার মতো এখনও অনেক কিছু আছে। সামনের দিনগুলোতে সেটাই আমার মূল লক্ষ্য। এই দলটি সত্যিই বিশেষ, আর ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ আশাবাদী। গত চার বছরে এই দলের জন্য সবাই যে পরিশ্রম করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। নেদারল্যান্ডসের জার্সি গায়ে খেলতে পারা আমার জন্য বড় সম্মানের।'

ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালের জুনের সিরিজ চলাকালে পিটার সিলারের স্থলাভিষিক্ত হয়ে অধিনায়ক হন এডওয়ার্ডস। তার নেতৃত্বে নেদারল্যান্ডস ৫৬টি একদিনের ম্যাচের মধ্যে ২৪টিতে জয় পায়, হারে ২৯টিতে। এই সময়ের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে ছিল ২০২৩ সালের বিশ্বকাপে সাউথ আফ্রিকা ও বাংলাদেশকে হারানোর স্মরণীয় দুটি জয়।

ছোট সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটেও তার নেতৃত্বে দল গুরুত্বপূর্ণ কয়েকটি সাফল্য পায়, যার মধ্যে বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে বিদায় করে দেয়ার জয়টি বিশেষভাবে আলোচিত।

নতুন অধিনায়ক বাস ডি লিডে বিদায়ী অধিনায়কের অবদানের প্রশংসা করে বলেন, 'আপনি আমাদের কঠিন অনেক লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন এবং সব সময় আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের নিয়ে নিশ্চিত ছিলাম না, কিন্তু আপনি পরিকল্পনা পরিষ্কারভাবে বুঝিয়েছেন এবং আমাদের সামর্থ্যের ওপর আস্থা রাখতে শিখিয়েছেন। এতে শুধু দল নয়, প্রত্যেক ক্রিকেটারই উপকৃত হয়েছে।'

২৬ বছর বয়সী ডি লিডে নেদারল্যান্ডসের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বেই এখন বিশ্বকাপ লিগ-দুইয়ের বাকি পথ পাড়ি দেবে দলটি। বর্তমানে পয়েন্ট তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। প্রতিযোগিতা শেষে শীর্ষ চার দল বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাবে।

আরো পড়ুন: