ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
নিউজিল্যান্ড, ফাইল ফটো
নিউজিল্যান্ড, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী ১১ জুলাই শুরু হতে যাওয়া এই সিরিজ দিয়েই দুই দলের ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে। দলের নেতৃত্বে থাকছেন মিচেল সান্টনার। দীর্ঘদিন পর দলে ফিরেছেন জ্যাকব ডাফি। প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন পেসার ম্যাথু ফিশার।

তবে এই দলে নেই বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। কাজের চাপ বিবেচনায় বিশ্রাম দেয়া হয়েছে কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও'রুর্কিকে। গোড়ালির অস্ত্রোপচারের কারণে দলে নেই ব্লেয়ার টিকনার। ব্যক্তিগত কারণে ছুটি পেয়েছেন ডেভন কনওয়ে। আর মেজর লিগ ক্রিকেটে অংশ নেয়ার সুযোগ করে দিতেই রাচিন রবীন্দ্রকে সাময়িক বিরতি দেয়া হয়েছে।

নতুনদের নিয়ে আশাবাদী নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, 'জ্যাকব ও ম্যাথুকে দলে পেয়ে আমরা আনন্দিত। আমি জানি, তারা দলে নতুন উদ্দীপনা নিয়ে আসবে। ম্যাথুকে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক দলে নেয়ার এটিই দারুণ একটি সুযোগ।'

ওয়াল্টারের বিশ্বাস, ফিশারের সামর্থ্য আন্তর্জাতিক পর্যায়েও কাজে দেবে। তিনি বলেন, 'তার গতিও ভালো। ইনিংসের বিভিন্ন সময়ে কার্যকর বোলিং করতে পারে, সে জন্য নিজের বৈচিত্র্য নিয়েও কঠোর পরিশ্রম করেছে। তার উন্নতি আমরা কাছ থেকে দেখেছি।'

ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে নিউজিল্যান্ড। ম্যানেজমেন্ট জানিয়েছে, নিয়মিত কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হলেও দলটির লক্ষ্য থাকবে বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা ইতিবাচকভাবে এগিয়ে নেয়া।

নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, মিচ হে, নিক কেলি, টম ল্যাথাম, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং।

আরো পড়ুন: