সহজ ম্যাচ কঠিন করে জিতল শরিফুল-নাহিদের পেশোয়ার

পিএসএল
পেশোয়ার জালমি
পেশোয়ার জালমি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পিএসএলে অভিষেকটা ভালো হয়নি নাহিদ রানার। পেশোয়ার জালমির জার্সিতে ৩ ওভারে ৩০ রান দিয়েছেন তিনি। নিজের প্রথম ম্যাচে উইকেটও নেই এই পেসারের। বাংলাদেশের আরেক পেসার শরিফুল দুই ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে তাদের বিবর্ণ বোলিংয়ের দিনে ইফতিখার আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসম্যানকে চার উইকেটে হারিয়েছে পেশোয়ার। আসরে তৃতীয় ম্যাচ খেলে এটি পেশোয়ারের দ্বিতীয় জয়। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাদের।

পেশোয়ারের হয়ে এ দিন বল হাতে আলো ছড়িয়েছেন ইফতিখার আহমেদ। সঙ্গে সুফিয়ান মুকিমও উপযুক্ত সঙ্গ দেন তাকে। তারা দুজনই চারটি করে উইকেট নিয়েছেন। ইফতিখার ও মুকিমের ঘূর্ণিতে ১৪৫ রানে অল আউট হয়েছে হায়দরাবাদ কিংসম্যান।

লক্ষ্য তাড়া করতে নেমে ছয় বলে ১১ রান করে ফিরে যান মোহাম্মদ হারিস। তারপর ৪৯ রানের জুটি গড়েন বাবর আজম এবং কুশল মেন্ডিস। ২৩ বলে ২৭ রান করে ফিরে যান কুশল মেন্ডিস। তারপর বাবরের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন মাইকেল ব্রেসওয়েল।

কিউই এই অলরাউন্ডার ফিরে যান ১৯ বলে ২৫ রান করে। মেন্ডিসের মতো তাকেও বিদায় করেন সাইম আইয়ুব। এরপর দলীয় ১২৫ রানের মধ্যে বাবর, ফারহান ইউসুফ এবং আব্দুল সামাদের উইকেট হারিয়ে বিপাকে পড়ে পেশোয়ার।

৩৭ বলে ৪৩ রান করা বাবরকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন হাসান খান। ১২ বলে ১৫ রান করা ফারহানকে একইভাবে বিদায় করেন মোহাম্মদ আলী। হুনাইন শাহের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান সামাদ।

শেষ ওভারে জয়ের জন্য পেশোয়ারের দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই চার হাঁকান ইফতিখার। পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। চতুর্থ বলে ছক্কা হাঁকান ইফতিখার। শেষ দুই বলে আবারও দুটি সিঙ্গেল আসলে জিতে পেশোয়ার। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন ইফতিখার।

এর আগে পিএসএলে অভিষেকে নিজের প্রথম ওভারের শুরুটা ভালো হয়েছিল নাহিদের। প্রথম ৪ বলে মাত্র ৩ রান দিয়েছিলেন। তবে শেষ দুই বলে কুশল পেরেরার বিপক্ষে ছক্কা ও চার হজম করেন তিনি। শেষ পর্যন্ত প্রথম ওভারে ১৩ রান খরচা করেছেন নাহিদ। পরের দুই ওভার মিলিয়ে ১৭ রান দেন এই পেসার।

এদিকে ইনিংসের দ্বিতীয় ওভারেই শরিফুলের হাতে বল তুলে দিয়েছিলেন বাবর। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে ৫ রান দিয়েছিলেন শরিফুল। তবে শেষ বলে চার হজম করে ৯ রান খরচা করতে হয়েছে তাকে। নিজের দ্বিতীয় ওভারে তিনি দেন ১২ রান।

আরো পড়ুন: