আরব আমিরাতের গরমে টিকে থাকার মন্ত্র জানালেন ইবাদত

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
ইবাদত হোসেন, ফাইল ফটো
ইবাদত হোসেন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে আগেও খেলেছে বাংলাদেশ। তবে সেসব ম্যাচ ছিল ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, তাও দিবারাত্রির। এবারই প্রথম দেশটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই দিনের প্রচণ্ড গরমে পাঁচ দিনের ম্যাচ খেলার প্রস্তুতিটাও নিতে হচ্ছে ভিন্নভাবে।

গত ১ অক্টোবর দুবাইয়ে পৌঁছায় বাংলাদেশ দল। প্রথম কয়েক দিন আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। ম্যাচটি ড্র হয়েছে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৯ অক্টোবরের একমাত্র টেস্টের আগে এটিই ছিল বাংলাদেশের শেষ প্রস্তুতি।

দুবাইয়ের গরম অবশ্য এরই মধ্যে ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ দল। বিসিবির প্রকাশ করা ভিডিওতে পেসার ইবাদত হোসেন জানিয়েছেন, প্রায় ৪৫ ডিগ্রি অনুভূত তাপমাত্রায় মানিয়ে নিতে শরীরকে প্রস্তুত করছেন তিনি।

তার ভাষায়, ‘আমি ম্যাচের দুই দিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি। হাইড্রেটেড থাকার জন্য বেশি করে পানি ও বিভিন্ন ধরনের পানীয় পান করি। ডাবের পানি খাই, ফলমূলও বেশি খাই।’

শুধু পানি ও তরল পানীয় নয়, মাঠের পরিবেশের সঙ্গেও শরীরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইবাদত। ভবিষ্যতে এমন কন্ডিশনে খেলতে আসা ক্রিকেটারদের জন্যও তার পরামর্শ, ‘আর্দ্রতা কেমন, গরম কেমন, এগুলো আগে থেকেই জানা গুরুত্বপূর্ণ। এখানে আসার পর আমি যেটা করি, প্রথম যেদিন অনুশীলন করি, তখন খালি পায়ে প্রায় আধঘণ্টা থেকে এক ঘণ্টা মাঠে হাঁটি।’

খালি পায়ে মাঠে হাঁটার কারণও ব্যাখ্যা করেছেন ইবাদত, ‘মাঠের সঙ্গে যেন একটা সংযোগ তৈরি হয়। এতে মাটির সঙ্গে মানুষের শরীরের যে সংযোগ, সেটা খুব ভালো হয়। শরীর এই আবহাওয়ার সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নেয়। এখানে এসে জুতা ছাড়া খালি পায়ে আধা ঘণ্টা–এক ঘণ্টা মাঠে হাঁটলে শরীর এই আবহাওয়া, এই গরমের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে।’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সৌম্য সরকার করেন সর্বোচ্চ ৫৭ রান, সাদমান ইসলাম ৪৬, নাঈম হাসান ৩৬ ও মুমিনুল হক ৩৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভারে তিন উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ। মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৪৪ রানে, সাদমান করেন ৩২।

বল হাতে অবশ্য ভালো করেছে বাংলাদেশ। স্বাগতিকদের একমাত্র ইনিংসে ২২২ রানে অলআউট করে তারা। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা পেসার ইকবাল হোসেন নেন চার উইকেট, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নেন তিনটি। ইবাদত ৯ ওভার বল করে ৩৮ রান দিয়ে নেন এক উইকেট।

দীর্ঘ সংস্করণের ক্রিকেটে গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিশ্রামের সময়েও প্রস্তুতি চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইবাদত। তার ভাষায়, ‘রুমে যতক্ষণ থাকব, ততক্ষণ প্রচুর পরিমাণে পানি ও অন্যান্য তরল পান করব। বিশেষ করে নাশতার সময় বেশি করে ফল খাওয়া, ডাবের পানি–তরমুজ এগুলো বেশি করে খাওয়া, পানি বেশি করে খাওয়া- এগুলোই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

আরো পড়ুন: