কাউন্টি চ্যাম্পিয়নশিপ টুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি গ্লুচেস্টারশায়ার। ম্যাট মিলনসের দারুণ এক ডেলিভারিতে ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন জো ফিলিপ। দ্বিতীয় উইকেটে টমি বোরম্যান এবং ওলিভার প্রাইসের ৬২ রানের জুটি ভাঙেন একানশ সিং। দলের রান একশ হওয়ার আগে মাইলস হ্যামন্ডকে ফেরান ম্যাট কুইন।
বাকিদের আসা-যাওয়ার মাঝে দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন প্রাইস। ৫২ রানের ইনিংস খেলা গ্লুচেস্টারশায়ার ওপেনারকে ফেরান কেথ ডাজেন। কামরান ধারিওয়ালকে ব্যাট হাতে সুবিধা করতে দেননি মিলনেস। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। খালেদ বল হাতে নিলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। বাংলাদেশের পেসার উইকেট পেয়েছেন দ্বিতীয় সেশনের শেষ ঘণ্টায় এসে।
নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ডারউইশ আহমেদকে ফেরান খালেদ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন ডারউইশ। তবে বল ব্যাটের কানায় লেগে সরাসরি স্টাম্পে আঘাত করেন। পরের ওভারের সাই কিশোরের উইকেটও নিয়েছেন তিনি। খালেদের বাউন্সারে এজ হয়েছেন ভারতের এই ব্যাটার।
উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাই কিশোর। পরবর্তীতে চি সিমন্সকে বোল্ড করেন খালেদ। এরপর আর উইকেটের দেখা পাননি বাংলাদেশের এই পেসার। গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ১১ ওভারে দুই মেইডেনসহ ৩৭ রান খরচায় তিন উইকেট নিয়েছেন খালেদ। এ ছাড়া ৫৫ রানে ৪ উইকেট নিয়েছেন মিলনেস। একটি করে উইকেট পেয়েছেন কুইন, একানশ ও ডাজেন।