রবিবার জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। উদ্বোধনী জুটিতে স্মৃতি মান্ধানার সঙ্গে ৭২ রান যোগ করেন শেফালি। ১৯ বলে ৩৭ রান করে মান্ধানা ফেরার আগে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। নিউজিল্যান্ডের সুজি বেটসকে ছাড়িয়ে মান্ধানার রান এখন চার হাজার ৭৮৮।
এরপর গুনালান কামালিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ বলে তিন রান করে সানজিদার বলে রাবেয়ার হাতে ক্যাচ দেন তিনি। ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন শেফালি। অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে তৃতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। হারমানপ্রীত ৩৩ বলে ৪০ রান করে ফিরলে ১৭৯ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।
তবে শেফালিকে থামানো যায়নি। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার অপরাজিত ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৩টি চার। মাঝে রিচা ঘোষ ২ রান করে ফিরলেও শেষ পর্যন্ত শেফালির ব্যাটে বড় সংগ্রহ পায় ভারত। তার সঙ্গে অপরাজিত থাকেন ভারতি ফুলমালি, ৪ বলে করেন ৯ রান।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে ভারত। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মারুফা, সানজিদা, রাবেয়া ও নাহিদা। ফলে এশিয়ান গেমসের ফাইনালে উঠতে বাংলাদেশকে এখন ২০ ওভারে করতে হবে ১৯৬ রান।