চার উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। স্কোর বোর্ডে ১১২ রান যোগ করতে বাকি ছয় উইকেট হারায় টাইগাররা। মোহাম্মদ আব্বাস নেন পাঁচ উইকেট। এ দিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭১ রান আসে মুশফিকুর রহিমের ব্যাটে।
এরপর ব্যাটিংয়ে নামা পাকিস্তান ওপেনিং জুটিতেই তোলে ১০৬ রান। ইমাম ৪৫ রানে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেও আর উইকেট নিতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। ১৭৯ রান নিয়ে দিন শেষ করা পাকিস্তান এখন পিছিয়ে আছে ২৩৪ রানে।
নিজেদের এগিয়ে রেখে ইমাম সংবাদ সম্মেলনে বলেন, 'আপনি বলতে পারেন আজ পাকিস্তানের দিন ছিল। প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অল-আউট করা এবং নিজেরা ১৭০ রানে ১ উইকেট থাকা মানে আমরা সব সেশন জিতেছি। তবে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য হলো এটি খুব দ্রুত বদলে যায়। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। কালকের দিনটিই ঠিক করে দেবে টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে।'
'বাংলাদেশ আজ ৩০০ (৩০১) রানে ৪ উইকেট থেকে শুরু করেছিল কিন্তু আমরা পরের ১১০ রানের মধ্যে তাদের বাকি ৭ (৬) উইকেট নিয়েছি। এরপর সবচেয়ে ইতিবাচক দিক ছিল আমাদের ব্যাটিং। আমরা দ্রুত রান করেছি এবং ভালো জুটি গড়েছি। ১ উইকেটে ১৭০ রান আমাদের ভালো অবস্থানে রেখেছে।'
যদিও মিরপুর টেস্টের তৃতীয় দিন কেমন হবে সেটা নিয়ে মন্তব্য করতে চান না ইমাম। এমনকি লিড কত হবে সেটা নিয়েও আগাম কিছু বলতে চাননি তিনি। তার মতে, উইকেটে তৃতীয় বা চতুর্থ দিন স্পিনবান্ধব হয়ে যেতে পারে। যার কারণে বাড়তি সতর্ক থাকতে চান তারা। আগামীকাল প্রথম এক ঘণ্টা দাপটের সঙ্গে খেলতে চায় পাকিস্তান।
ইমাম আরো বলেন, 'লিড নিয়ে বলাটা এখনই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কালকের দিনটি হবে 'মুভিং ডে' এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা কাল সারা দিন এভাবে ব্যাটিং করতে পারি, তবে খুব ভালো হবে। উইকেটে ছোট ছোট ফাটল দেখা যাচ্ছে যা সময়ের সাথে আরও খুলবে। আজকেও কিছু বলে আপ-অ্যান্ড-ডাউন মুভমেন্ট দেখা গেছে। আমার মনে হয় তৃতীয় বা চতুর্থ দিনে ব্যাটিং করা কিছুটা কঠিন হতে পারে। তাই এই ইনিংসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা যতটা সম্ভব লম্বা ব্যাটিং করতে চাই। আমরা নির্দিষ্ট কোনো স্কোরের কথা ভাবছি না, তবে কালকের দিনটি পুরো ব্যাট করতে পারলে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে।'
'আমি এখনই বলব না যে আমরা পুরোপুরি নিরাপদ, কারণ টেস্ট ক্রিকেটে ৪০০ রান অনেক বড় ব্যাপার এবং দ্রুত দু-একটি উইকেট পড়ে গেলেই সব ওলটপালট হয়ে যায়। তবুও আগামীকালকের প্রথম এক ঘণ্টা আমরা যদি ভালো কাটাতে পারি, তবে আমরা নিশ্চিতভাবে এই ম্যাচে শক্তিশালী অবস্থানে থাকব।'