তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াডে তানজিম সাকিব

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য রাজশাহী ও বগুড়াতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ৫০ ওভারের ক্রিকেটের সেই টুর্নামেন্টে খেলতে পারেননি তানজিম হাসান সাকিব। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে পিঠের চোটে পড়েন ডানহাতি এই পেসার।

সেই চোটে পাকিস্তান সিরিজেও খেলতে পারেননি তিনি। চোট থেকে সেরে উঠলেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন না তানজিম। তবে তৃতীয় ম্যাচের স্কোয়াডে ফেরানো হয়েছে তাকে। গত বছরের আফগানিস্তান সফরের পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন ২৩ বছর বয়সী এই পেসার। মাঝে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সিরিজে।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে এবং সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলতে ২১ এপ্রিল চট্টগ্রামে যাবে বাংলাদেশ। সেই সময় দলের সঙ্গেই চট্টগ্রামে যাবেন তানজিম। ডানহাতি পেসারের বাইরে স্কোয়াডে আর কোনো পরিবর্তন নেই। প্রথম দুই ওয়ানডের দলে থাকা বাকি সবাইকে রাখা হয়েছে শেষ ম্যাচের স্কোয়াডে। প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি আফিফ হোসেন।

মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিতও হয়েছেন। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে। ম্যাচ খেলার সুযোগ না পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমানরাও আছেন দলে। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে নাহিদ রানার ৫ উইকেট ও তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

আরো পড়ুন: