আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরের সেপ্টেম্বরে গেম ডেভেলপমেন্ট ট্রফিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই টুর্নামেন্টের পর এখনো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশের যুবারা। যুব এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন এসকে জারিফ সিয়াম-আব্দুল্লাহ আল মুহিরা।

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক করা হয়েছে ফরিদ হাসান ফয়সালকে। সবশেষ যুব দলেও ছিলেন তিনি। এ ছাড়া জিডি ট্রফিতে খেলা মুহি, ফারহান সাদিক, কাউসার, জারিফ, রুবাই রিজনরা।

আগামী ১৩ অক্টোবর শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর। বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের সবগুলো ম্যাচই হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। এদিকে আগামী নভেম্বরে ওমানেই যুব এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।

৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ফাইনাল হবে ১৪ নভেম্বর। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল ফাইনালে উঠবে। টুর্নামেন্টটি হবে ওয়ানডে ফরম্যাটে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড— ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমিন হোসেন রনি, আল রাফি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, আল আমিন হোসেন, সাকিল খান, মেহেরাব হাসান সিজান, রাকিবুল হোসেন, রবিউল ইসলাম অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ ও এসকে জারিফ সিয়াম।

আরো পড়ুন: