ফলোঅনে পড়া বাংলাদেশকে বাঁচালেন জাকের-আশিকুর

জিম্বাবুয়ে 'এ' দলের বাংলাদেশ সফর
লাইভ থেকে নেওয়া ছবি
লাইভ থেকে নেওয়া ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে হাফ সেঞ্চুরি করলেন আশিকুর রহমান শিবলী। আবারও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে বাংলাদেশকে পথ দেখালেন জাকের আলী অনিক। তবে ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন শাহাদাত হোসেন দিপু, প্রিতম কুমার, ইফতেখার হোসেন ইফতি ও আফিফ হোসেনরা। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় চার দিনের ম্যাচে এসে ফলোঅনে পড়তে হয় বাংলাদেশ ইমার্জিং দলকে। যদিও আশিকুর ও জাকেরের হাফ সেঞ্চুরিতে হার বাঁচিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় চার দিনের ম্যাচও ড্র হয়েছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের ৮ উইকেটে ২০০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে আগের দিনের সঙ্গে ২ রানের বেশি যোগ করতে পারেননি স্বাগতিকরা। ২০২ রানে অল আউট হওয়ার পর বাংলাদেশকে ফলোঅন করিয়ে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেলতে থাকেন আশিকুর ও শাহাদাত হোসেন দিপু।

তারা দুজনে মিলে ৫৪ রানের জুটি গড়েন। বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন ভিনসেন্ট মাসেকেসা। ডানহাতি অফ স্পিনারের বলে কভারের উপর দিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে জোনাথন ক্যাম্পবেলকে ক্যাচ দিয়েছেন দিপু। ৫৬ বলে ২২ রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। তিনে নেমে সুবিধা করতে পারেননি ইফতেখার হোসেন ইফতি। রানের খাতা খুলতে পারেননি তিনি।

আন্তুম নাকভির অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন ইফতি। চারে নামা প্রিতম কুমারও টিকতে পারেনি। ১৮ বলে রান করে আউট হয়েছেন মাসেকেসার বলে। ৬৮ রানে ৩ উইকেট হারানোর পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আশিকুর ও জাকের। তারা দুজনে মিলে বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন।

উইকেটে থিতু হওয়ার পর ১০৬ বলে হাফ সেঞ্চুরি করেন আশিকুর। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৮ চার ও ২ ছক্কায় ১৩৯ বলে ৬২ রানের ইনিংস খেলে ডানহাতি ওপেনারকে ফিরতে হয় মাসেকেসার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে। ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন। আউট হওয়ার আগে করেছেন ৯ রান।

প্রথম ইনিংসে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র হাফ সেঞ্চুরি পেয়েছিলেন জাকের। দ্বিতীয় ইনিংসেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন। ৯৭ বলে হাফ সেঞ্চুরি পাওয়া জাকের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬ চার ও এক ছক্কায় ১০২ বলে ৫৬ রানের ইনিংস খেলে। তাকে সঙ্গ দেওয়া আশরাফুল হাসান ১০ রান করেছেন। বাংলাদেশের ৫ উইকেটে ১৭০ রান করার বিপরীতে জিম্বাবুয়ের হয়ের ৪ উইকেট পেয়েছেন মাসেকেসা।

আরো পড়ুন: