এনএসসির কাছে জমা পড়ল বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন

বিসিবি নির্বাচন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফাইল ফটো
বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ওপর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জাতীয় ক্রীড়া পরিষদে জমা (এনএসসি) পড়েছে। জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এর নেতৃত্বাধীন তদন্ত কমিটি।

গত অক্টোবরে অনুষ্ঠিত বোর্ড নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠার পর জাতীয় ক্রীড়া পরিষদ গত ১১ মার্চ একজন সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না, সেটি খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব।

তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেয়া হলেও নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন প্রস্তুত করেছে। নির্বাচন শুরুর আগে থেকেই অস্বচ্ছতা ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন নিয়েও বিতর্ক ছিল, যেখানে বর্তমান সভাপতির বিরুদ্ধেও নিয়ম ভাঙার অভিযোগ সামনে আসে।

নির্বাচনকে কেন্দ্র করে বিভাজনও স্পষ্ট হয়ে ওঠে। একটি পক্ষ নির্বাচনে অংশ নেয়নি এবং নতুন সরকার গঠনের পর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। তদন্ত কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেট সংগঠকদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছে। এই প্রতিবেদনের সুপারিশের ওপর বর্তমান বোর্ডের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।

এই বিষয়ে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, 'কাউকে অভিযুক্ত করে নয়,আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিলো, তিনি আসেননি।'

এরই মধ্যে গত কয়েক দিনে একাধিক পরিচালক পদত্যাগ করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মোট ৭ জন পরিচালকের সরে দাঁড়ানোকে অনেকেই তদন্ত প্রতিবেদনের সম্ভাব্য প্রভাবের সঙ্গে যুক্ত করে দেখছেন। এতে বর্তমান কমিটির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কাও সামনে এসেছে।

আরো পড়ুন: