মারুফা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খানরা দুর্দান্ত বোলিং করলেও জয়টা বের করতে পারলেন না। শেষ ওভারের লড়াইয়ে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে সাউথ আফ্রিকার মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা চারে যেতে উলভার্টরা তাকিয়ে ছিলেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। রান রেটে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার সেমিফাইনাল প্রায় নিশ্চিতই ছিল।
ভারতের জন্য অবশ্য বাঁচা-মরার ম্যাচ ছিল। সেমিফাইনাল খেলতে অস্ট্রেলিয়াকে হারানোর বিকল্প ছিল না স্মৃতি মান্ধানা-হারমানপ্রীত কৌরদের কাছে। আগে ব্যাটিং করে পুঁজিটাও পেয়েছিলেন। ১৭০ রানের পুঁজি নিয়েও ভারতকে জয় এনে দিতে পারেননি দীপ্তি শর্মা-শ্রী চারানিরা। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ভারতকে।
‘এ’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার পাশাপাশি বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পায় সাউথ আফ্রিকা। গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারেনি অজিরা। একই চিত্র ইংল্যান্ডের ক্ষেত্রেও। ঘরের মাঠে চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বের সবকটি ম্যাচই জিতেছেন ন্যাট সিভার ব্রান্ট, ড্যানি ওয়াটরা। তাদের সঙ্গে সেরা চারের টিকিট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
তিন জয়ে ওয়েস্ট ইন্ডিজের সমান ৬ পয়েন্ট থাকার পরও রানরেটে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে শ্রীলঙ্কার মেয়েদের। আগামী ৩০ জুন প্রথম সেমিফাইনালে উড়তে থাকা অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে। দুইটি ম্যাচই হবে ওভালে।