মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বড় শাস্তি পেলেন ওয়ার্নার

ক্রিকেট অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার, ফাইল ফটো
ডেভিড ওয়ার্নার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করার পর শাস্তি পেয়েছেন ডেভিড ওয়ার্নার। সাবেক অস্ট্রেলীয় উদ্বোধনী ব্যাটারকে দোষী সাব্যস্ত করে ১৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করেছেন সিডনির একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

জরিমানার পাশাপাশি ওয়ার্নারকে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ একটি যন্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই যন্ত্র গাড়িতে সংযুক্ত করে অনুমতি নেয়ার পরই তিনি আবার গাড়ি চালাতে পারবেন। যন্ত্রটি মদ্যপানের উপস্থিতি শনাক্ত করলে গাড়ির ইঞ্জিন চালু হতে দেবে না।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে সড়ক পরীক্ষার সময় ওয়ার্নারের গাড়ি থামিয়ে মদ্যপানের পরীক্ষা করা হয়। পরীক্ষায় মদ্যপানের উপস্থিতি পাওয়ার পর তাকে মারৌব্রা থানায় নেওয়া হয়। সেখানে দ্বিতীয়বার পরীক্ষাতেও একই ফল আসে। ৩৯ বছর বয়সী ওয়ার্নারের রক্তে মদ্যপানের মাত্রা ছিল ০.১০৪, যা আইনসম্মত সীমার দ্বিগুণেরও বেশি।

আদালতে ওয়ার্নারের আইনজীবী আওয়াইজ আহমেদ শাস্তি থেকে অব্যাহতির আবেদন করেন। তার যুক্তি ছিল, ঘটনাটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ায় ওয়ার্নার ইতোমধ্যে সামাজিক ও পেশাগতভাবে বড় ধরনের পরিণতির মুখোমুখি হয়েছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার বাইরে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় তার ওপর এই ঘটনার প্রভাব পড়তে পারে বলেও আদালতকে জানানো হয়।

আইনজীবী আরও জানান, বাংলাদেশ ও ভারতের মতো দেশে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বিষয়ে ওয়ার্নার সচেতন। তবে আদালত শেষ পর্যন্ত তাকে জরিমানা করেছে। পাশাপাশি ভবিষ্যতে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ যন্ত্র ব্যবহারের বাধ্যবাধকতাও দেয়া হয়েছে। ফলে অপরাধের জন্য আর্থিক দণ্ডের পাশাপাশি নির্দিষ্ট নিয়ম মেনেই গাড়ি চালাতে হবে সাবেক এই অস্ট্রেলীয় ক্রিকেটারকে।

ওয়ার্নার ওই বিশেষ যন্ত্র ব্যবহারের অনুমতিপত্রের জন্য আবেদন করে তা গাড়িতে সংযুক্ত করার পর গাড়ি চালাতে পারবেন। যন্ত্রটি তার শরীরে মদ্যপানের উপস্থিতি শনাক্ত করবে। মদ্যপানের উপস্থিতি পাওয়া গেলে গাড়ি চালু হবে না। আদালতের এই নির্দেশের মাধ্যমে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় ওয়ার্নারের শাস্তির প্রক্রিয়া শেষ হয়েছে।

আরো পড়ুন: