পেস নয়, স্পিনেই ভরসা ভারতের

শ্রীলঙ্কা-ভারত সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সময়টা ভালো যাচ্ছে না ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ ড্র করে অভিযান শুরু করলেও ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে তারা। পয়েন্ট টেবিলেও তাই খুব একটা স্বস্তিতে নেই ভারত। এমন অবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। আর এই গুরুত্বপূর্ণ সিরিজে পেসারদের চেয়ে স্পিনারদের ওপরই বেশি ভরসা করছে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে আছে ভারত। তাদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। এক ধাপ পেছনে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ ৪১.৬৭। তাই আসন্ন সিরিজে ভালো ফল করে ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে ভারত।

শ্রীলঙ্কার কন্ডিশনে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। ম্যাচ যত গড়াবে, উইকেটে স্পিন ধরার সম্ভাবনাও তত বাড়বে। সেই বিষয়টি মাথায় রেখে স্পিননির্ভর বোলিং আক্রমণের ইঙ্গিত দিয়েছেন ভারতের বোলিং কোচ মর্নে মরকেল।

মরকেল বলেন, 'আমাদের স্পিন বোলিং আক্রমণ খুবই আক্রমণাত্মক একটি অপশন । এক প্রান্ত থেকে পেস দিয়ে চাপ তৈরি করা যায় এবং অন্য প্রান্তে স্পিন দিয়ে সেই চাপ ধরে রাখা যায়।'

খেলোয়াড়ি জীবনে শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলে ১২ উইকেট নিয়েছিলেন মরকেল। তাই দেশটির কন্ডিশন সম্পর্কে তার অভিজ্ঞতাও কাজে লাগছে। তার মতে, শুরুতে ব্যাটিংয়ের জন্য ভালো থাকলেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটে পরিবর্তন আসবে।

মরকেল বলেন, 'উইকেট দেখে আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে টেস্ট ম্যাচ যত এগোবে, ততই সেখানে কিছু একটা পরিবর্তন আসবে। আমাদের সামনে যা কিছু আসতে পারে, সেসব মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি।'

শ্রীলঙ্কায় ভারতের পেসারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কুকাবুরা বল। ভারতের ঘরের মাঠে সাধারণত এসজি বল ব্যবহৃত হলেও এখানে কুকাবুরা বলেই খেলতে হবে। গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে বল দ্রুত নরম হয়ে যাওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে পেসারদের।

মরকেল বলেন, 'শ্রীলঙ্কায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গরম, আর্দ্রতা এবং কুকাবুরা বল। বল একটু আগেই নরম হয়ে যায়। বল নরম হয়ে গেলে কীভাবে বোলাররা নিজেদের ওভার ভাগ করে নিয়ে একই তীব্রতা ও চাপ ধরে রাখবে, সেটিই গুরুত্বপূর্ণ। আমার ধারণা, ২০ থেকে ৩৫ ওভারের পর বল নরম হয়ে যেতে পারে।'

ভারতের পেস আক্রমণে মোহাম্মদ সিরাজের সঙ্গে আছেন প্রসিধ কৃষ্ণ, অউকিব নবি ও গুরনুর ব্রার। সিরাজ ছাড়া বাকিদের অভিজ্ঞতা তুলনামূলক কম। তবে তাদের নিয়ে চিন্তিত নন মরকেল। বিশেষ করে গুরনুর ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় সম্প্রতি ভালো করায় তার কন্ডিশন সম্পর্কে ধারণা রয়েছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে মরকেল বলেন, 'গুরনুর খুব বেশি দিন আগে ভারত ‘এ’ দলের হয়ে এখানে সফল হয়েছে। ফলে এখানকার কন্ডিশন সম্পর্কে তার ধারণা আছে। প্রসিধ ও সিরাজও দেশের মাটিতে অনেক ক্রিকেট খেলেছে, যেখানে বোলিং করাও সহজ নয়।'

আরো পড়ুন: