ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ-দ্রাবিড়ের ছেলে

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
অনভয় দ্রাবিড় (বামে) ও আর্যবীর শেবাগ (ডানে)
অনভয় দ্রাবিড় (বামে) ও আর্যবীর শেবাগ (ডানে)
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৪ সালের নভেম্বরে ২৯৭ রানের ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন আর্যবীর শেবাগ। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের চার দিনের টুর্নামেন্ট কুচবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে এমন ইনিংস খেলেছিলেন তিনি। ৯৬.১২ স্ট্রাইক রেটে ৩০৯ বলে ২৯৭ রানের ইনিংস খেলতে তিনটি ছক্কার সঙ্গে ৫১টি চারও মেরেছিলেন দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটার।

এমন পারফরম্যান্সের দেড় বছর পর ভারত অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন আর্যবীর। চলতি বছর দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন ডানহাতি এই ব্যাটার। আক্রমণাত্বক স্ট্রোক প্লের জন্য অনেকে আর্যবীরকে তার বাবা বীরেন্দর শেবাগের সঙ্গে তুলনা করেছেন। দেশের মাটিতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতের যুব দলে।

সেই স্কোয়াডে রাখা হয়েছে শেবাগের ছেলে আর্যবীরকে। শেবাগের ছেলের পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ দলে আছেন রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড়ও। ২০২৫ সালের নভেম্বরে প্রথমবার ভারতের যুব দলে ডাক পেয়েছিলেন তিনি। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ৮৭ রানের ইনিংস খেলে নিজের জায়গা ধরে রেখেছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার।

একদিনের দলে রাখা হলেও আর্যবীর ও অনভয়ের কাউকে মাল্টি-ডে দলে রাখা হয়নি। একদিনের দলকে নেতৃত্ব দেবেন লক্ষ্য রাইচন্দানি এবং মাল্টি-ডে দলকে সামলাবেন ইয়াশবর্ধন চৌহান। ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজ। আগামী ২৭-৩০ সেপ্টেম্বর প্রথম এবং ৫-৮ অক্টোবর হবে দ্বিতীয় মাল্টি-ডে সিরিজ।

ভারত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল: লক্ষ্য রাইচন্দানি (অধিনায়ক), ইয়াশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল, আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড়, ভি যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপতি ভেঙ্কটা, কাব্য প্যাটেল।

ভারত অনূর্ধ্ব-১৯ মাল্টি-ডে দল: ইয়াশ বর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচন্দানি, (সহ-অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্র ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ, অভিপ্রায় বিশ্বাস, রোহিত যাদব, ইশান ওম, আয়ান আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিং, মোহিত উলভা, আরিয়ান যাদব।

আরো পড়ুন: