বৃহস্পতিবার সকালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রীষ্মের প্রথম টেস্ট শুরু করেছে ইংল্যান্ড। তবে ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সত্ত্বেও এই ম্যাচে নেই আর্চার। ইংল্যান্ডের হয়ে ১৮ টেস্টে ৬০ উইকেট নেওয়া এই পেসারকে বিতর্কিতভাবে আইপিএলের প্লে অফে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়। যা কাল হয়েছে ইংল্যান্ডের।
বর্তমান ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস এই সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন। তার দাবি, ‘ক্রিকেটের বাস্তবতা বদলে গেছে’। এখন আর তিনটি প্রধান সংস্করণের মধ্যে টেস্ট একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে পারছে না। তবে এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না বুচার। স্পোর্টস ব্রেকফাস্ট অনুষ্ঠানে অ্যালি ম্যাককয়েস্টের সঙ্গে আলাপকালে নিজের হতাশার কথা জানান সাবেক ইংলিশ ব্যাটার।
বুচার বলেন, ‘এ নিয়ে কথা বলার সময় বেনের মুখভঙ্গি আমি দেখেছি। তার মুখের অভিব্যক্তি যেন তার কথার সঙ্গে পুরোপুরি মিলছিল না। দেখুন, পরিস্থিতি বদলেছে সেটা আমি জানি। আমি সরল নই। খেলোয়াড়দের এখন অনেক বিকল্প আছে। আর এই মুহূর্তে ইংল্যান্ডের মধ্যে যেন একটা ভয় কাজ করছে, যদি খেলোয়াড়দের আইপিএলে গিয়ে বিপুল অর্থ উপার্জনের সুযোগ না দেওয়া হয়, তাহলে তারা হয়তো পুরোপুরি ইংল্যান্ডের হয়ে খেলাই ছেড়ে দেবে।’
বুচার দেশের হয়ে খেলার যৌক্তিগকা দেখিয়ে আরও বলেন, ‘আমার ভাবনা হলো, তাহলে তাই হোক। আমি মনে করি না খেলোয়াড়দের সেই বোর্ডের চেয়ে বেশি ক্ষমতা থাকা উচিত, যাদের হয়ে তারা খেলছে। আপনি দেশের হয়ে খেলছেন এবং আমার কাছে সেটাই সবার আগে থাকা উচিত, বাস্তবতা যেমনই বদলাক না কেন।’
তবে আর্চারের অবস্থানও যে তিনি বুঝতে পারছেন, সেটি স্বীকার করেছেন বুচার। তাই সব দায় এই ইংলিশ পেসারের গায়েও দিচ্ছেন না ইংল্যান্ডের এই কিংবদন্তী ব্যাটার। তিনি বলেন, ‘সব দায় আমি জফরা আর্চারের ওপর চাপাচ্ছি না। কারণ ইংল্যান্ড যদি বলত, প্রথম টেস্টের জন্য আমরা তোমাকে চাই, তাহলে তাকে ফিরতেই হতো। তখন সিদ্ধান্তটা পুরোপুরি তার হতো। তিনি হয় ইংল্যান্ডের চুক্তি ছেড়ে দিতেন, নয়তো দলে যোগ দিতেন। তাই বিষয়টি আসলে বোর্ড কতটা কঠোর অবস্থান নিতে প্রস্তুত, সেটার ওপর নির্ভর করছে। কারণ আইপিএলের ফাইনাল ছিল গত রোববার।’