অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে এলিসের চোট। জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা সফরে অজিদের সেরা বোলার ছিলেন ডানহাতি এই পেসার। দ্বিতীয় ওয়ানডেতে খেলার সময় বাঁ সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি। ফলে ৪ ওভার বোলিং করেই মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে আর বোলিংয়ে ফিরতে পারেননি এলিস।
এমন অবস্থায় দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার। পরবর্তী পর্যবেক্ষণের পর দেশে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন। ১৩ নভেম্বর থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন এলিস। অস্ট্রেলিয়ার দ্বিতীয় পেসার গত কয়েক দিনে সাইড স্ট্রেইনের চোটে পড়লেন। এর আগে জিম্বাবুয়ে সফরে একই চোটে পড়েছিলেন বিলি স্টেনলেক।
এলিসের চোটে এখন অস্ট্রেলিয়ার চার জন পেসার তৃতীয় ওয়ানডে খেলার জন্য ফিট আছেন। প্রথম দুই ওয়ানডে মিস করার পর তৃতীয় ম্যাচে ফিরতে পারেন প্যাট কামিন্স। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া মিচেল স্টার্ককেও খেলাতে হবে সফরকারীদের। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বিশ্রাম দেওয়া হতে পারে জশ হ্যাজেলউডকে। প্রথম দুই ওয়ানডেতেই খেলেছেন তিনি।
একাদশে ফিরতে পারেন জাভিয়ের বার্টলেট। কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন ডেভিস। দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সাউথ আফ্রিকা গিয়েছিলেন তিনি। নিউ সাউথ ওয়েলসের হয়ে ঘরোয়া ক্রিকেট ফেরার আগে পুনর্বাসনে থাকতে হবে তাকে। এখনো পর্যন্ত তৃতীয় ওয়ানডের দলে কাউকে যুক্ত করেনি অস্ট্রেলিয়া।