রোহিত-কোহলির চেয়ে জয়সাওয়ালকে নিয়েই বেশি চিন্তিত যুবরাজ

ভারত ক্রিকেট
ইয়াশভি জয়সাওয়াল ও রোহিত শর্মা, ফাইল ফটো
ইয়াশভি জয়সাওয়াল ও রোহিত শর্মা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও যুবরাজ সিংয়ের দৃষ্টি ইয়াশভি জয়সাওয়ালের দিকে। ভারতের সাবেক অলরাউন্ডারের মতে, আগামী বিশ্বকাপের পরিকল্পনায় যদি জয়সাওয়াল থাকেন, তাহলে তাকে এখন থেকেই নিয়মিত খেলার সুযোগ দেয়া জরুরি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পাননি জয়সাওয়াল, যদিও নিজের শেষ তিন ইনিংসের দুটিতেই সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। এদিকে দল গঠনের ক্ষেত্রে রোহিত ও কোহলিকে নিয়েও স্পষ্ট সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন যুবরাজ।

যুবরাজ বলেন, 'রোহিত বা কোহলির চেয়ে আমার বেশি উদ্বেগ জয়সাওয়ালকে নিয়ে। সে খেলছে না। যদি বিশ্বকাপ চলে আসে আর তার পর্যাপ্ত ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকে, তাহলে হঠাৎ করেই সে বড় চাপের মুখে পড়বে।'

রোহিত ও কোহলির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, 'প্রধান কোচ, অধিনায়ক ও নির্বাচকদের কাছ থেকে পরিষ্কার বার্তা থাকা দরকার। আমি নিজেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। তাই তারা খেলবে কি না, সেটি আমাদের বিচার করার বিষয় নয়। এই সিদ্ধান্ত দল পরিচালনায় থাকা ব্যক্তিদেরই নিতে হবে।'

দুই অভিজ্ঞ ব্যাটারকে বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হলে তাদের পূর্ণ সমর্থন দেয়ার পক্ষেও মত দেন যুবরাজ। তার ভাষায়, 'যদি তাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা থাকে, তাহলে এখনই সেটা জানিয়ে দিতে হবে। বলতে হবে, আমরা তোমাদের ওপর ভরসা করছি, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো। একটি খারাপ ধারার জন্য দল থেকে বাদ পড়ার চিন্তা যেন তাদের করতে না হয়।'

জয়সাওয়াল প্রসঙ্গে আবারও সতর্ক করে যুবরাজ বলেন, 'যদি সে পরিকল্পনার অংশ হয়, তাহলে বিশ্বকাপের আগে তার আরও বেশি ম্যাচ খেলা দরকার। হঠাৎ কেউ চোটে পড়লে তখন কী হবে? অতীতেও এমন হয়েছে। সেই একই ভুল আবার করা উচিত নয়।'

ভারতের বর্তমান অবস্থাকে পরিবর্তনের সময় বলে উল্লেখ করেছেন যুবরাজ। তিনি বলেন, 'সমালোচনা মেনে নিতে হবে। তবে গত কয়েক বছরে এই দল যে তিনটি বড় শিরোপা জিতেছে, সেটিও ভুলে গেলে চলবে না। দলে নতুন খেলোয়াড় আসছে, তাই এমন সময় আসতেই পারে। এখন নতুন করে পরিকল্পনা করে ঘুরে দাঁড়ানোর সময়।'

আরো পড়ুন: