হাসারাঙ্গার বিকল্প খুঁজতে পারে লক্ষ্ণৌ, তালিকায় ৪ ক্রিকেটার

আইপিএল
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ডানহাতি লেগ স্পিনার। চোট কাটিয়ে আইপিএল খেলতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে হাসারাঙ্গার বিকল্প খুঁজতে হতে পারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন হাসারাঙ্গা। সেই চোটে টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারেননি লঙ্কান স্পিনার। চোট থেকে সেরে উঠতে বর্তমানে শ্রীলঙ্কায় পুনর্বাসনে রয়েছেন তিনি। জানা গেছে, এখনো শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মেডিকেল বিভাগের কাছে ফিটনেস পরীক্ষা দেননি হাসারাঙ্গা।

নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল খেলতে হলে বোর্ডের ফিটনেস টেস্টে পাশ করতে হবে। সেটা করতে পারলেই কেবল ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার এনওসি পাবেন তারা। ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় নুয়ান থুশারাকে এনওসি দেয়নি এসএলসি। যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলা হচ্ছে না ডানহাতি পেসারের।

ফিটনেস পরীক্ষা না দিলেও গত সপ্তাহের শেষের দিকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিং সেশন করেছেন হাসারাঙ্গা। তবে এখনো বোলিং অনুশীলন শুরু করেননি তিনি। দুই মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন ডানহাতি লেগ স্পিনার। হাসারাঙ্গার কাছের একজন ক্রিকবাজকে বলেন, ‘হাসারাঙ্গাকে নিয়ে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই।’

লক্ষ্ণৌর কাছেও তাকে নিয়ে সঠিক তথ্য নেই। গুঞ্জন আছে, বিদেশি অনেক ক্রিকেটারই ভিত্তিমূল্যে দল পেলে আইপিএলে খেলতে চান না। হাসারাঙ্গাও এমন কিছু ভাবছেন বলে ধারণা করা হচ্ছে। এমনটা হলে বিকল্প ক্রিকেটার বেছে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। বিদেশি স্পিনারদের সেই তালিকায় আছেন মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, লিয়াম ডওসন এবং রেহান আহমেদ।

হাসারাঙ্গার আইপিএল খেলার নিশ্চয়তা না থাকলেও দ্রুতই ফিরতে পারেন মাথিশা পাথিরানা। গত ডিসেম্বরে নিলাম থেকে ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ডানহাতি পেসারও বিশ্বকাপের সময় চোটে পড়েছিলেন। কদিন আগে প্রধান কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে ফিরতে পারেন পাথিরানা। সেই পথে বেশ ভালোভাবেই আছেন লঙ্কান পেসার।

আরো পড়ুন: