পাকিস্তানের ব্যাটিং দেখে ভনের প্রশ্ন, এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট?

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ
ওলি রবিনসন
ওলি রবিনসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লিডসে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭১ রানে অল আউট হয়েছিলেন সালমান আলী আঘা-মোহাম্মদ রিজওয়ানরা। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি ব্যাটাররা থেমেছিলেন ১৩৫ রানে। লর্ডসে বাবর আজম ফিরলেও ব্যাটিংয়ের দুরাবস্থা কাটেনি। বরং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ওলি রবিনসন, জশ টাং, জফরা আর্চারদের তোপে মাত্র ১১০ রানে অল আউট হয়েছে পাকিস্তান।

টেস্ট ক্রিকেটে নিজেদের সবশেষ তিন ইনিংসের একটিতেও দুইশ ছুঁতে পারেনি সফরকারীরা। বাবরদের এমন ব্যাটিং দেখে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে দ্বিতীয় বিভাগের কাউন্টি দলের সঙ্গে তুলনা করেছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানান, তাদের ব্যাটিং দেখে কোনোভাবেই টেস্ট ম্যাচের ব্যাটিংলাইন মনে হচ্ছে না।

বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’-এ পাকিস্তানের ব্যাটিং নিয়ে আলাপ করতে গিয়ে ভন বলেন, ‘এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? তারা কোনোভাবেই এমন মানের ব্যাটিং করছে না, যেটাকে টেস্ট ম্যাচের ব্যাটিং লাইনআপ বলা যায়।’

‘সত্যি বলতে, ইংল্যান্ডের বোলারদের একেবারেই কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। আর বোলিং করার জন্য এই পাকিস্তানি ব্যাটিং লাইনআপ সম্ভবত সবচেয়ে সহজ ব্যাটিং লাইনআপ। শুধু তা-ই নয়, আমি মনে করি বোলার হিসেবে তারা (ইংল্যান্ড দল) সবাই বল করার জন্য যেন লাইনে দাঁড়িয়ে আছে। কারণ, তারা জানে, উইকেট পাবে।’

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দল হিসেবেই ভালো করতে পারছে না পাকিস্তান। বাংলাদেশ সফরে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একটি টেস্ট জিতেছে তারা। তবে ইংল্যান্ড তাদের শুরুটা হয়েছে যাচ্ছে তাই। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও হারের পথেই তারা। ৩ উইকেটে ৮১ রান তোলা ইংল্যান্ড ২৬১ রানের লিড নিয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্সেও ভাটা পড়েছে।

বাংলাদেশ সফরে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন আজান আওয়াইস। তবে ইংল্যান্ডে জ্বলে উঠতে পারেননি তিনি। চোট কাটিয়ে বাবর ফিরলেও রানের দেখা পাননি। ব্যাটে রান না থাকায় সালমান আঘা বাদ পড়েছেন। লম্বা সময় ধরে প্রত্যাশা মেটাতে পারছেন না রিজওয়ান। ফলে প্রতিপক্ষের বোলারদের সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারছেন না তারা। ভন মনে জানান, পাকিস্তানের ব্যাটারদের নিয়ে ইংলিশ বোলারদের কারও মধ্যে কোন ভয় নেই।

তিনি বলেন, ‘পাকিস্তানের ব্যাটসম্যানদের নিয়ে কোনো ভয় নেই। এমন কোনো ব্যাটসম্যান নেই, যে ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলতে পারে। কেউ তাদের বোলিংয়ের পরিসংখ্যানও নষ্ট করবে না। তাই ব্যাপারটা এখন এমন—আসুন, আসুন, কে উইকেট নিতে চান?’

আরো পড়ুন: