পেনাল্টি ও সুপার ওভারের নাটকীয় ম্যাচে সূর্যবংশীদের হার

ভারত 'এ' দলের শ্রীলঙ্কা সফর
ছবি- এক্স থেকে সংগৃহীত
ছবি- এক্স থেকে সংগৃহীত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডাম্বুলায় এক ম্যাচে ছিল নাটক, বিতর্ক, বিভ্রান্তি আর উত্তেজনা। নির্ধারিত ৫০ ওভারে দুই দলের রান সমান হওয়ার পর সুপার ওভারে ভারত ‘এ’কে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা ‘এ’। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও দেখা গেছে।

প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ভারত ‘এ’। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন সুরিয়ানশ শেজ। ভিপরাজ নিগম করেন ৫১ রান। শ্রীলঙ্কার হয়ে বিজয়কান্ত বিশ্বকান্ত ২৬ রানে ৩টি এবং ইশান শিরাজ ৩৩ রানে ৩টি উইকেট নেন।জবাবে শ্রীলঙ্কা ‘এ’ ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রান করে ম্যাচ টাই করে। দলের জয়ের ভিত গড়ে দেন সাদিরা সমারাবিক্রমা, ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ভারতের হয়ে আয়ুশ বাদনি নেন ২ উইকেট।

তবে ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা ছিল ভারতের ১০ রান পেনাল্টি। ইনিংস বিরতির আগেই আম্পায়াররা ভারতের বিরুদ্ধে দুই দফায় পাঁচ রান করে মোট ১০ রান জরিমানা করেন। পিচের সুরক্ষিত অংশে বারবার দৌড়ানোর কারণে এই শাস্তি পেতে হয় ভারতকে। ফলে শ্রীলঙ্কা তাদের রান তাড়া শুরুই করে ১০/০ স্কোর নিয়ে।

শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ৫ রান। বাঁহাতি পেসার আরশাদ খান প্রথম বলেই ৯৩ রানে সমারাবিক্রমাকে ফেরান। নাটকীয় শেষ বলে রান আউটের মাধ্যমে স্কোর সমান হলে ম্যাচ টাই হয়। ভারতীয় অধিনায়ক তিলক ভার্মা শেষ বলের লেগ বাই নিয়ে আপত্তি তুললেও আম্পায়ারদের সিদ্ধান্তে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ‘এ’ তোলে ১৬ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৭। কিন্তু ১৯ বছর বয়সী পেসার কুগাদাস মাথুলানের নিখুঁত ইয়র্কারে ভারত থেমে যায় ৯ রানে। ফলে ৭ রানের ব্যবধানে সুপার ওভারে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচ শেষে শ্রীলঙ্কার উদযাপনের মাঝেই ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী ও কয়েকজন শ্রীলঙ্কান খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়। পরে দুই দলের খেলোয়াড়রা হাত মিলিয়ে করে মাঠ ছাড়লেও ম্যাচের রেশ থেকে যায় শেষ পর্যন্ত। এই হারে টানা দ্বিতীয় পরাজয় দেখল ভারত ‘এ’। ফলে বুধবার আফগানিস্তান ‘এ’-এর বিপক্ষে তাদের ম্যাচটি কার্যত নকআউটে পরিণত হয়েছে।

আরো পড়ুন: