দিল্লির সঙ্গে সৌরভের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে পরামর্শক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে পুরুষ ও নারী দুই দলেরই ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে কাজ করে দলটিকে ফাইনালেও তুলেছেন তিনি। এবার আইপিএলে প্রথমবারের মতো প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।
নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত সৌরভ । ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি এবং বছরের পর বছর ধরে এই দলের সঙ্গে আমার শক্ত সম্পর্ক তৈরি হয়েছে। মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আমাদের দলে প্রতিভা আছে এবং সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। নতুন মৌসুমে দলের সঙ্গে কাজ করে শক্তিশালী ও নির্ভীক একটি দল গড়ে তুলতে চাই।'
সৌরভের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দিল্লিকে প্রথম আইপিএল শিরোপা এনে দেওয়া। ২০০৮ সাল থেকে টুর্নামেন্টে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ও পাঞ্জাব কিংসই এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২০ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দিল্লি। পরের বছর পয়েন্ট তালিকার শীর্ষে থেকেও ফাইনালে উঠতে পারেনি তারা। এরপর ২০২২ সালের পর আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দলটি। সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাঙ্গ বাদানির অধীনে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে দিল্লি।
সৌরভের নিয়োগে আশাবাদী ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষও। আগামী দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসের পরিচালনার দায়িত্বে থাকবে জেএসডব্লিউ স্পোর্টস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল সৌরভকে দিল্লি পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, 'ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও ক্রিকেট প্রশাসকদের একজন এখন প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন এটা আমাদের জন্য গর্বের। তার নেতৃত্বে দিল্লি আইপিএল শিরোপার জন্য আরও শক্তভাবে লড়াই করবে বলে আমি আত্মবিশ্বাসী।'
প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর সৌরভের প্রথম কাজগুলোর একটি হবে নতুন সাপোর্ট স্টাফ চূড়ান্ত করা। একই সঙ্গে ২০২৭ মৌসুমের জন্য কোন খেলোয়াড়দের ধরে রাখা হবে, সেটিও ঠিক করতে হবে তাকে। ১৫ নভেম্বরের মধ্যে রিটেনশন তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে। এরপর ডিসেম্বরের মাঝামাঝি গোয়ায় হবে আইপিএলের মিনি নিলাম।